করলার তেতো ভাবে নাক সিঁটকোন?
করলা মানেই যেন মুখে তেতো স্বাদের একটা ঝাঁজ। অনেকেই তো করলার নাম শুনলেই মুখ ফিরিয়ে নেন। অথচ শুক্তো, করলা ভাজা, পাঁচমিশালি বা বেসনের করলার মতো বাঙালির বহু প্রিয় পদই এতে হারিয়ে যায়। শুধু স্বাদের জন্য এমন পুষ্টিকর সব্জিকে বাদ দেওয়া কি ঠিক? একেবারেই নয়। কারণ কয়েকটি সহজ টোটকায় আপনি নিজেই কমিয়ে ফেলতে পারেন করলার তেতো ভাব—তাও রান্নার আগেই। ফলে করলার আসল গুণাগুণ যেমন বজায় থাকবে, তেমনি মুখেও আসবে না সেই অতিরিক্ত তেতো স্বাদ।
চলুন, দেখে নেওয়া যাক করলার তেতো ভাব কমানোর ৫টি কার্যকরী কৌশল—
১. নুনের ম্যাজিক
দিদা-ঠাকুমাদের সবচেয়ে পরিচিত উপায় এটি। পাতলা করে করলা কেটে নিন। এবার সামান্য নুন মাখিয়ে রেখে দিন ২০-৩০ মিনিটের মতো। সময় মতো দেখবেন করলা থেকে জল বেরোচ্ছে—মানে তেতো ভাবও কমছে। এরপর ভালো করে ৩-৪ বার জল দিয়ে ধুয়ে নিলেই রান্নার জন্য তৈরি।
২. ভিনিগার ও চিনির মিশ্রণ
এক বাটিতে জল, তাতে এক চা চামচ ভিনিগার আর দুই টেবিলচামচ চিনি মিশিয়ে নিন। এবার করলা কেটে সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। তারপর জল ঝরিয়ে রান্নায় ব্যবহার করুন। এই পদ্ধতিতে করলার তেতো ভাব অনেকটাই কমে যাবে।
৩. বীজ ফেলে দিন
করলার ভিতরের বীজে সবচেয়ে বেশি তেতো থাকে। তাই রান্নার আগে করলার বীজ যতটা সম্ভব সরিয়ে ফেলুন। এতে তেতো ভাব যেমন কমবে, তেমনই করলার গুণগত মানও থাকবে অক্ষুণ্ণ।
৪. দইয়ে ভিজিয়ে রাখুন
টক দিয়ে তেতোর দমন? একেবারে কাজের পদ্ধতি! দইয়ের প্রাকৃতিক অ্যাসিড করলার তেতো ভাব কমিয়ে দেয়। করলা কেটে আধ ঘণ্টা দইয়ে ভিজিয়ে রাখুন, তারপর রান্নায় দিন। খেতে ভালো লাগার পাশাপাশি এক ধরণের টক ভাবও যুক্ত হবে পদে, যা অনেকেরই পছন্দ।
৫. ঝাঁঝালো মশলার সঙ্গে রান্না
পেঁয়াজ, রসুন, টম্যাটো আর ঝাঁঝালো মশলার সংমিশ্রণ করলার তেতো স্বাদকে ঢেকে দেয়। করলার সঙ্গে যদি এই উপকরণগুলি একত্রে রান্না করা যায়, তাহলে স্বাদ যেমন বাড়বে, তেমনই তেতো ভাবও কম অনুভূত হবে।
করলা এমন এক সব্জি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী—ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে হজমে সাহায্য করে। তাই শুধু স্বাদের কারণে এই উপকারী খাবারটি বাদ দেওয়া ঠিক নয়। উপরোক্ত টোটকাগুলি মেনে চললে আপনি করলার তেতো ভাব ছাড়াই উপভোগ করতে পারবেন সুস্বাদু পদগুলি।
গরমে বাহুমূলের বিশেষ যত্ন: দুর্গন্ধ ও তেলচিটে ভাব দূর করার ৫ সহজ ধাপ