বাদামি পোকায় ভরা শরীর, পচে গিয়েছে মস্তিষ্ক—হুমাইরার রহস্যমৃত্যু ঘিরে প্রশ্নের পাহাড়!
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু নিয়ে চাঞ্চল্য বেড়েই চলেছে। প্রথমে পুলিশের দাবি ছিল, মাত্র সপ্তাহখানেক আগেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হুমাইরার মৃত্যু সপ্তাহ নয়, অন্তত ৮-১০ মাস আগে হয়েছিল। এই তথ্য সামনে আসতেই গোটা ঘটনায় রহস্যের ছায়া আরও ঘনীভূত হয়েছে।
গত সপ্তাহে করাচির প্রতিরক্ষা আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩২ বছর বয়সী অভিনেত্রী হুমাইরার পচা-গলা দেহ। দীর্ঘ দিন ধরে ওই ফ্ল্যাটের ভাড়া বাকি থাকায় বাড়ির মালিক আদালতের শরণাপন্ন হন। সমন জারি হলেও হুমাইরা সাড়া দেননি। অবশেষে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং সেখানে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকা পচাগলা দেহ দেখতে পায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ফ্ল্যাটের প্রধান দরজা এবং বারান্দার দরজা—দুটিই ভিতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে কেউ হত্যার উদ্দেশ্যে ঢুকেছেন এমন কোনও প্রমাণ তখন মেলেনি। ফলে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছিল।
কিন্তু নতুন রিপোর্ট সব হিসাব বদলে দিয়েছে। ময়নাতদন্তে বলা হয়েছে, অভিনেত্রীর অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ পচে গেছে, মস্তিষ্কও নেই। দেহে বাদামি পোকা জন্মেছে। আঙুল, নখ সব অদৃশ্য হয়ে গিয়েছে। হাড় বেরিয়ে এসেছে, অথচ হাড় ভাঙার কোনও চিহ্ন নেই। এমনকি মেরুদণ্ডের মধ্যের সুষুম্না নাড়িও নেই। চিকিৎসকরা জানিয়েছে, শরীরের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে, মৃত্যু কমপক্ষে ৮-১০ মাস আগে হয়েছিল।
এত দিন ধরে হুমাইরার কোনও খোঁজ না থাকার কারণ নিয়েও উঠছে প্রশ্ন। তাঁর পরিবার, বিশেষ করে বাবা ও ভাই দেহ নিতে অস্বীকার করেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেয়ের অভিনয় পেশা তাঁদের পরিবারের ‘সম্মান’ নষ্ট করেছে। তাই বহু দিন ধরেই তাঁরা তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
কিন্তু কেন এতদিন কেউ খোঁজ নিল না? একজন পরিচিত অভিনেত্রী ছিলেন হুমাইরা। বন্ধ ঘরে মাসের পর মাস পড়ে থাকা দেহের গন্ধ বা অন্য কোনও সূত্রে খবর পাওয়া যায়নি? এমন নানা প্রশ্ন ঘুরছে এখন করাচির পুলিশমহলে।
পুলিশ জানিয়েছে, মৃতদেহের চূড়ান্ত শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত তদন্তকারীরা কোনও হত্যার ইঙ্গিত পাচ্ছেন না, কারণ শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন নেই।
তবে এই মৃত্যু স্বাভাবিক না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েই এখন গরম আলোচনায় মগ্ন করাচির সাধারণ মানুষ থেকে প্রশাসন। যত দিন যাচ্ছে, হুমাইরার এই রহস্যমৃত্যু ঘিরে নতুন নতুন প্রশ্ন উঠে আসছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর মিলবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
ক্রিকেটার চাহালের সঙ্গে নাম জড়ানো আরজে মাহবিশের নতুন চমক, কিনে নিলেন নিজস্ব ক্রিকেট দল!