৫ মিনিটে কোটি কোটি বছরের কাজ!
গুগল সম্প্রতি এমন একটি যুগান্তকারী চিপ আবিষ্কার করেছে, যা প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অবস্থিত গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি এই চিপের নাম ‘উইলো’। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, এই কোয়ান্টাম চিপ মাত্র পাঁচ মিনিটে এমন জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে, যা সমাধানে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারগুলিরও কোটি কোটি কোটি বছর লাগবে।
কোয়ান্টাম চিপ কী?
কোয়ান্টাম চিপ একটি বিশেষ ধরণের কম্পিউটার চিপ, যা কোয়ান্টাম মেকানিক্সের নীতি ব্যবহার করে। সাধারণ কম্পিউটারের মতো বিটের পরিবর্তে এটি তথ্য মাপে কিউবিট এককে। সুপারকন্ডাক্টিং ট্রান্সমন কিউবিটস ব্যবহার করে তৈরি ‘উইলো’ চিপটি ক্ষুদ্র বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে কাজ করে। এই সার্কিটগুলি খুব নিম্ন তাপমাত্রায় কোয়ান্টাম অবস্থায় পৌঁছায় এবং কৃত্রিম পরমাণুর মতো আচরণ করে।
উইলোর ক্ষমতা
গুগলের গবেষণা অনুযায়ী, উইলো দু’টি ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। প্রথমত, এটি দ্রুতগতিতে ত্রুটি সংশোধন করতে পারে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে ত্রুটি সংশোধন একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা গত ৩০ বছরেও সমাধান সম্ভব হয়নি। দ্বিতীয়ত, এটি মাত্র পাঁচ মিনিটে এমন জটিল সমস্যা সমাধান করতে পারে, যা বিশ্বের সবচেয়ে দ্রুত সুপারকম্পিউটারেরও করতে ১০ সেপ্টিলিয়ন বছর সময় লাগবে। উল্লেখযোগ্যভাবে, ১০ সেপ্টিলিয়ন বছর মহাবিশ্বের বয়সের থেকেও অনেক বেশি।
কোয়ান্টাম চিপের ব্যবহারক্ষেত্র
গুগলের মতে, ‘উইলো’ চিপ ভবিষ্যতে নতুন ওষুধ আবিষ্কার, ফিউশন শক্তি এবং ব্যাটারি শিল্পের মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণ কম্পিউটারের তুলনায় কোয়ান্টাম কম্পিউটার অনেক দ্রুত এবং জটিল সমস্যার সমাধানে দক্ষ। এই চিপ ব্যবহার করে বিজ্ঞানীরা এমন সমাধান বের করতে পারবেন, যা এখনও পর্যন্ত অসম্ভব বলে বিবেচিত।
সুন্দর পিচাইয়ের প্রতিক্রিয়া
‘উইলো’ চিপের ক্ষমতা নিয়ে সুন্দর পিচাই অত্যন্ত আশাবাদী। এক্স-এ (পূর্বে টুইটার) সুন্দর লিখেছেন, “উইলোর সঙ্গে পরিচিত হন। এটি আমাদের নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ, যা জটিল সমস্যার দ্রুত সমাধান করতে পারে। এটি এমন একটি গণনা পাঁচ মিনিটে সম্পন্ন করেছে, যা করতে একটি সুপারকম্পিউটারের ১০^২৫ বছরেরও বেশি সময় লাগবে।” তিনি আরও বলেন, “এটি প্রযুক্তি ক্ষেত্রে ৩০ বছরের চ্যালেঞ্জের সমাধান করেছে।”
ইলন মাস্কের প্রতিক্রিয়া
গুগলের এই চিপ আবিষ্কারের খবর শুনে মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, “ওয়াও।” সুন্দর পিচাইয়ের পোস্টে রিপোস্ট করে ইলন এই এক শব্দের প্রতিক্রিয়া দিয়েছেন। ইলনের সংস্থা নিউরালিঙ্কও এমন একটি অত্যাধুনিক চিপ তৈরির চেষ্টা করছে, যা মানব মস্তিষ্কে প্রতিস্থাপন করা যাবে।
ভবিষ্যতের পথপ্রদর্শক
‘উইলো’ ইতিমধ্যেই প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এটি শুধু গুগলের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চিপ প্রযুক্তির ভবিষ্যৎ বদলে দেবে। কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে এটি একটি বড় পদক্ষেপ এবং আধুনিক গবেষণার জটিল সমস্যাগুলির সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে।
গুগলের ‘উইলো’ চিপ দেখিয়েছে, বিজ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধনে কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। এটি মানবজাতির অগ্রগতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে।