বিশ্বকাপ থেকে বিদায় তুরস্ক-হাইতির!
২০২৬ ফুটবল বিশ্বকাপে শনিবার ছিল ঘটনাবহুল দিন। এক দিকে ভাঙল দ্রুততম গোলের নজির, অন্য দিকে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল দুই দেশের। প্রথম জয় পেল ব্রাজ়িল, আর নকআউট পর্বে জায়গা করে নিল আয়োজক দেশ আমেরিকা।
সবচেয়ে বড় চমক ছিল দ্রুততম গোলের রেকর্ডের ওঠানামা। মরক্কোর ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭১ সেকেন্ডে গোল করে বিশ্বকাপের চলতি আসরে দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন। কিন্তু সেই রেকর্ড স্থায়ী হল মাত্র কয়েক ঘণ্টা।
প্যারাগুয়ের মাতিয়াস গালারজ়া তুরস্কের বিরুদ্ধে আরও দ্রুত—মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে সাইবারির নজির ভেঙে দেন। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে বদলে গেল বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক।
প্রথম জয় মরক্কোর, বিদায় হাইতির
স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল মরক্কো। ম্যাচের শুরুতেই আক্রমণের ঝড় তোলে আফ্রিকার দলটি। মাত্র ৭১ সেকেন্ডে সাইবারির দুরন্ত গোলেই এগিয়ে যায় তারা।
এর পর আর গোল না হলেও সেই এক গোলই যথেষ্ট ছিল মরক্কোর জয়ের জন্য। স্কটল্যান্ড কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করে। দু’টি পেনাল্টির আবেদনও জানায় তারা, কিন্তু রেফারি তা গ্রহণ করেননি।
মরক্কোর এই জয়ের ফলে গ্রুপ ‘সি’ থেকে হাইতির বিদায় নিশ্চিত হয়ে যায়। ব্রাজ়িলের কাছে ০-৩ এবং স্কটল্যান্ডের কাছে ০-১ হারের পর শেষ ম্যাচ জিতলেও আর নকআউটে যাওয়ার সুযোগ নেই তাদের।
ভিনিসিয়াসের দাপটে ব্রাজ়িলের প্রথম জয়
হাইতির বিরুদ্ধে অবশেষে জয়ের মুখ দেখল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। দলের জয়ের মূল কারিগর ভিনিসিয়াস জুনিয়র। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করালেন তিনি।
প্রথম ১০ মিনিট প্রতিপক্ষকে বুঝে নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ব্রাজ়িল। বল দখল, আক্রমণ এবং গতিতে হাইতির থেকে অনেক এগিয়ে ছিল তারা।
২৩ মিনিটে ভিনিসিয়াসের শট গোলরক্ষক রুখে দিলেও পরে হাইতির ডিফেন্ডারের পায়ে লেগে বলের দিক বদলে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ম্যাথেউস কুনহা।
৩৬ মিনিটে ফের গোল করেন কুনহা। এ বারও বড় ভূমিকা ছিল ভিনিসিয়াসের। মাঝমাঠ থেকে দুর্দান্ত পাসে সতীর্থকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের গোল করে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস। লুকাস পাকেতার পাস ধরে গতিতে হাইতির রক্ষণ ভেঙে গোল করেন তিনি।
তবে সহজ জয়ের মধ্যেও ব্রাজ়িল শিবিরে চিন্তা বাড়িয়েছে রাফিনহার চোট। পেশির সমস্যায় প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় তাঁকে। পাশাপাশি একাধিক সহজ সুযোগ নষ্ট করায় কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হবে।
১০ জন নিয়েও তুরস্ককে হারাল প্যারাগুয়ে, বিদায় বিশ্বকাপ থেকে
প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল তুরস্কের। মাত্র ৬৫ সেকেন্ডে গালারজ়ার গোলেই এগিয়ে যায় প্যারাগুয়ে।
যদিও ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিগুয়েল আলমিরন। দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে। তবু তুরস্ক সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।
দুই ম্যাচে কোনও পয়েন্ট না থাকায় তুরস্কের নকআউটের আশা শেষ হয়ে যায়। এই ফলের ফলে গ্রুপ ‘ডি’ থেকে আমেরিকার পরবর্তী পর্বে ওঠার পথ পরিষ্কার হয়।
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে আমেরিকা
বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কার্যত নকআউট নিশ্চিত করে তারা।
প্রথমার্ধে আমেরিকার আক্রমণের সামনে সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া। ১১ মিনিটে ফোলারিন বালোগুনর ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।
বিরতির আগে দ্বিতীয় গোল করে আমেরিকা। কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ‘ভার’ প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত বদলানো হয়।
এই জয়ের ফলে দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-তে শীর্ষে উঠে নকআউট নিশ্চিত করেছে আমেরিকা। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে, ঘরের মাঠে দলটি শুধু অংশ নিতে নয়, বড় কিছু করার লক্ষ্য নিয়েই নেমেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?