কে এই সারাংশ জৈন, কেন শ্রীলঙ্কা সিরিজে ভরসা করল ভারত?
ভারতীয় ক্রিকেটে একদিকে যখন তরুণদের উত্থান, অন্যদিকে ধারাবাহিক পারফরম্যান্সের মূল্যায়নও যে সমান গুরুত্ব পাচ্ছে, তারই বড় উদাহরণ সারাংশ জৈন। ৩৩ বছর বয়সে প্রথমবার ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। শ্রীলঙ্কা সফরের দলে তাঁর অন্তর্ভুক্তি অনেকের কাছেই চমক হলেও, ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুমের ধারাবাহিক সাফল্যই শেষ পর্যন্ত জাতীয় দলের দরজা খুলে দিয়েছে তাঁর জন্য।
সারাংশ বাঁহাতি ব্যাটার এবং অফস্পিন বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে করেছেন ২,২২৩ রান, গড় ৩১.৭৫। পাশাপাশি নিয়েছেন ১৮৮টি উইকেট। লাল বলের ক্রিকেটেই তাঁর সবচেয়ে বড় শক্তি, যা নির্বাচকদের নজর কেড়েছে।
ক্রিকেট তাঁর রক্তেই। বাবা সুবোধ জৈনও ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। ২০১৪ সালে অভিষেক হলেও প্রথম কয়েক বছরে খুব বেশি সুযোগ পাননি সারাংশ। দীর্ঘ সময় মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও ২০২২ সালের রঞ্জি ট্রফিতে নিজের আসল সামর্থ্য দেখান। মধ্যপ্রদেশের শিরোপা জয়ের পথে নকআউট পর্বে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেছিলেন তিনি।
এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গত রঞ্জি ট্রফিতে ৫১৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৩০ উইকেট। দলীপ ট্রফিতেও মধ্যাঞ্চলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে দু’টি অর্ধশতরান ও ১৬ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন।
সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজর কেড়েছেন সারাংশ। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয় উইকেট তুলে নিয়ে তিনি প্রমাণ করেছেন, শ্রীলঙ্কার স্পিন-সহায়ক পরিবেশে তিনি কতটা কার্যকর হতে পারেন।
তাঁর দলে সুযোগ পাওয়ার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না। পাশাপাশি শ্রীলঙ্কা দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় একজন অফস্পিনারের প্রয়োজন ছিল। সেই জায়গাতেই এগিয়ে গিয়েছেন সারাংশ।
ভারতীয় দল শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে তিন স্পিনার নিয়ে নামতে পারে। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের জায়গা প্রায় নিশ্চিত। তৃতীয় স্পিনারের জন্য লড়াই সারাংশ জৈন ও মানব সুতারের মধ্যে। তবে বাঁহাতি ব্যাটারে ভরা শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে অফস্পিনার হিসেবে সারাংশের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
যদি শ্রীলঙ্কা সিরিজে তাঁর অভিষেক হয়, তবে ১৯৯৮ সালে রবিন সিংহের পর ৩৩ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া ভারতের অন্যতম প্রবীণ ক্রিকেটারদের তালিকায় নাম লেখাবেন সারাংশ জৈন। দীর্ঘ অপেক্ষা, কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে এই সুযোগ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?