৩০ মিনিটের ‘জাপানিজ় ওয়াকিং’!
ক্লান্তি ছাড়াই ফিট থাকতে চাইছেন? বয়স বা উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তা না করে শুরু করতে পারেন ‘জাপানিজ় ওয়াকিং’। নতুন গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ৩০ মিনিট করে সপ্তাহে চার দিন এই পদ্ধতিতে হাঁটলেই ওজন নিয়ন্ত্রণে থাকবে, হার্টও ভাল থাকবে।
শিনশু ইউনিভার্সিটির দুই গবেষক, হিরোসি নোজ় এবং শিজ়ু মাসুকি এই বিশেষ হাঁটার পদ্ধতি চালু করেছেন। এটি একরকম ইন্টারভাল ট্রেনিং, যেখানে টানা হনহন করে হাঁটার প্রয়োজন নেই। বরং কখনও গতি বাড়িয়ে, কখনও ধীরে হাঁটা—এই ওঠানামার মধ্যেই ফিটনেসের জাদু লুকিয়ে। বিশেষ করে যাঁরা বেশি বয়স্ক বা জোরে হাঁটার ধকল নিতে পারেন না, তাঁদের জন্য আদর্শ।
কী ভাবে করবেন ‘জাপানিজ় ওয়াকিং’?
প্রথম ৫ থেকে ১০ মিনিট খুব ধীরে হাঁটা দিয়ে শুরু করুন। এটিকে বলা হয় ‘ওয়ার্ম আপ’। শরীর আলগা করতে চাইলে হালকা স্পট জগিং করলেও ক্ষতি নেই। এরপর ৩ থেকে ৫ মিনিট গতি বাড়িয়ে হাঁটুন। এর মধ্যে থেমে যাওয়া যাবে না। এটিই ইন্টারভাল সাইকেল। তারপর আবার গতি কমিয়ে ৫ মিনিট ধীরে হাঁটুন।
এই চক্রটি মোট ৩০ মিনিট ধরে চালিয়ে যান। হাঁটার সময় সঙ্গে রাখুন স্টপ ওয়াচ কিংবা ফিটনেস ট্র্যাকার। ভাল জুতো পরে হাঁটবেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সপ্তাহে অন্তত ৪ দিন এই রুটিনে হাঁটলেই ফল মিলবে। শরীর ক্লান্ত হবে না, আবার ক্যালোরিও ঝরবে।
কেন বেছে নেবেন জাপানিজ় ওয়াকিং?
১. ওজন কমাবে ধীরে ধীরে:
ওয়েট ট্রেনিং বা কার্ডিয়োর মতো ধকল ছাড়াই জাপানিজ় ওয়াকিংয়ে ওজন কমে। নিয়মিত করলে সপ্তাহখানেকের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন।
- হার্ট ভাল রাখে:
শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ও খারাপ কোলেস্টেরল কমাতে এই হাঁটা খুবই উপযোগী। হার্টের রোগ বা উচ্চ রক্তচাপ থাকলেও এটি নিশ্চিন্তে করা যায়। - পেশি শক্তিশালী হয়:
দীর্ঘক্ষণ বসে কাজ করা মানুষদের জন্য বিশেষভাবে কার্যকর। হাঁটার সময় শরীরের পেশিগুলির হালকা টান পড়ে, যা শক্তি বাড়ায়। - প্রবীণদের জন্য নিরাপদ:
বয়স বাড়লে শরীর নিয়ে বাড়তি সাবধানতা দরকার। জাপানিজ় ওয়াকিংয়ে তেমন ঝুঁকি নেই। বরং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কেন এত জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি?
শরীরচর্চা মানেই যে অনেক ঘাম ঝরাতে হবে, সেই ধারণা ভাঙছে জাপানিজ় ওয়াকিং। ধীরে-গতি বাড়ানো-আবার ধীরে—এই সহজ পদ্ধতিতে হার্ট এবং শরীর দুই-ই ভালো থাকে। ফলে ব্যস্ত জীবনেও সহজে মেনে চলা যায়।
বিশেষ করে বয়স্ক মানুষ বা যাঁরা হাঁটতে ভয় পান, তাঁদের কাছে এটি কার্যকর বিকল্প। ক্লান্তি ছাড়াই নিয়মিত করলে মেদ ঝরানো এবং হার্টের স্বাস্থ্য রক্ষা—দুটোই সম্ভব। তাই এখন থেকেই শুরু করুন ধাপে ধাপে হাঁটা। ৩০ মিনিট সময় বার করলেই চলবে!
বিমানে জ্বালানির সুইচ ত্রুটি! এফএএ সতর্ক করেছিল সাত বছর আগে, গুরুত্ব দেয়নি এয়ার ইন্ডিয়া?