২৭ কোটির পন্থকে ঘিরে প্রশ্ন!
Lucknow Super Giants-এর দুঃস্বপ্নের মরসুম শেষ হওয়ার পরই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে। সবচেয়ে বেশি চর্চায় এখন অধিনায়ক Rishabh Pant-এর ভবিষ্যৎ। টানা ব্যর্থতার পরে তাঁর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুললেন দলের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট Tom Moody।
এ বারের আইপিএলে একেবারেই ছন্দে ছিল না লখনউ। ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলায় শেষ করেছে তারা। শুধু দল নয়, ব্যাট হাতেও সফল হতে পারেননি পন্থ। স্বাভাবিক ভাবেই হতাশ ফ্র্যাঞ্চাইজি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে হারের পর টম মুডি বলেন, নেতৃত্বের চাপ স্পষ্ট ভাবে প্রভাব ফেলেছে পন্থের খেলায়। তাঁর কথায়, “এই মরসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ফলাফলই সেটা বলে দিচ্ছে। নেতৃত্বের চাপ পন্থের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। এখন আমাদের সব কিছু নতুন করে খতিয়ে দেখতে হবে।”
মুডির মন্তব্য থেকেই স্পষ্ট, শুধু খেলোয়াড় নয়, গোটা দলের কাঠামো নিয়েই ভাবছে লখনউ। তিনি বলেন, “আমরা প্রত্যাশার ধারেকাছেও পৌঁছোতে পারিনি। দল হিসেবে কোথায় ভুল হয়েছে, সেটা বিশদে বিশ্লেষণ করতে হবে। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্তও নিতে হবে।”
গত মরসুমের আগে আইপিএলের নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ। এত বড় অঙ্কের বিনিয়োগের পর তাঁকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু বাস্তবে টানা দু’টি মরসুমেই ব্যর্থ হয়েছে দল। গত বার পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিল লখনউ, আর এ বার পরিস্থিতি আরও খারাপ।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শুধু অধিনায়কত্ব নয়, দল গঠনের ক্ষেত্রেও ভুল করেছে লখনউ। মিডল অর্ডারের অস্থিরতা, বোলিং আক্রমণের ধারাবাহিকতার অভাব এবং গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলাতে না পারা— সব মিলিয়ে ভেঙে পড়েছে পুরো পরিকল্পনা।
এখন প্রশ্ন একটাই— আগামী মরসুমে কি অধিনায়ক হিসেবে পন্থকে রাখা হবে? নাকি নতুন কাউকে দায়িত্ব দিয়ে সম্পূর্ণ নতুন পথে হাঁটবে লখনউ?
ফ্র্যাঞ্চাইজি এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও মুডির বক্তব্যে পরিষ্কার, সামনে বড়সড় বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা