২২ বছরের অপেক্ষা ঘোচাতে নতুন পরিকল্পনা অস্ট্রেলিয়ার!
ভারত সফরকে সামনে রেখে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগামী বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে ভারতে এলেও কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না প্যাট কামিন্সের দল। বুধবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁদের লক্ষ্য, ২২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জয়ের খরা কাটানো।
আগামী ২১ জানুয়ারি শুরু হবে বহুল প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচী এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ। দীর্ঘ সফরের আগে সাধারণত বিদেশি দলগুলি প্রস্তুতি ম্যাচ খেলে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এবার সেই পথে হাঁটছে না অস্ট্রেলিয়া।
ম্যাকডোনাল্ডের মতে, প্রস্তুতি ম্যাচের চেয়ে ম্যাচ ভেন্যুর কাছাকাছি থেকে অনুশীলন করাই বেশি কার্যকর হবে। তাঁর বিশ্বাস, এতে ভারতীয় আবহাওয়া এবং পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
কোচ জানিয়েছেন, দল এমন একটি জায়গায় অনুশীলন শিবির করতে চায়, যেখানে ভারতের মতো আবহাওয়া এবং প্রথম টেস্টে যে ধরনের উইকেটে খেলতে হবে, তার কাছাকাছি পিচ পাওয়া সম্ভব। অতীতেও তারা বিকল্প পরিকল্পনা নিয়েছিল। একবার সংযুক্ত আরব আমিরশাহিতে প্রস্তুতি নিয়েছিল, আবার আগের ভারত সফরে বেঙ্গালুরুতে অনুশীলন করেছিল। এবারও বিভিন্ন বিকল্প নিয়ে ভাবনাচিন্তা চলছে।
অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য, ম্যাচের আগে যতটা সম্ভব বাস্তবসম্মত পরিবেশে অনুশীলন করা। শুধু স্পিন-বান্ধব উইকেট নয়, ভারতের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গেও দ্রুত মানিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছে তারা।
ভারত সফরের আগে নিজেদের দেশে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। তবে ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন, সেই সিরিজ়ের পুরো দলকেই ভারতের সফরে রাখা হবে না। ভারতীয় পরিবেশে কারা সবচেয়ে কার্যকর হতে পারেন, কার দক্ষতা স্পিন এবং ধীরগতির উইকেটে বেশি কাজে লাগবে— সেই মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত দল নির্বাচন করা হবে।
অস্ট্রেলিয়ার এই কৌশল সফল হয় কি না, সেটাই এখন দেখার। কারণ ২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে আর কোনও টেস্ট সিরিজ় জিততে পারেনি তারা। সেই দীর্ঘ ২২ বছরের অপেক্ষা এবার শেষ করার লক্ষ্য নিয়েই নতুন পরিকল্পনায় এগোচ্ছে কামিন্সের দল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?