১৮০ দেশে চুক্তি হলেও ভারতে কি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ?
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই, কিন্তু ভারতে ম্যাচ সম্প্রচার নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। বিশ্বের প্রায় ১৮০টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত করলেও ভারত এখনও সেই তালিকায় নেই—এ কথা স্বীকার করেছে ফিফা।
১১ জুন থেকে শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ, যা আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ৪৮টি দেশ অংশ নেবে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞে। কিন্তু ভারতীয় দর্শকরা টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ফিফা জানিয়েছে, “আমরা ইতিমধ্যেই ১৮০টি দেশের সঙ্গে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছি। সেই সব দেশে বিশ্বকাপ সম্প্রচার হবে। ভারতের সঙ্গে আলোচনা চলছে। আমরা চাই, ভারতেও বিশ্বকাপ দেখানো হোক, তবে এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।”
ফিফার এই অবস্থান থেকেই স্পষ্ট, ভারতকে এখনও আলাদা করে সম্প্রচার চুক্তির আওতায় আনার চেষ্টা চলছে। তবে সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে অনিশ্চয়তা।
ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা এখন আদালত পর্যন্ত পৌঁছেছে। সম্প্রচারের অনুমতি সংক্রান্ত বিষয়ে দিল্লি হাই কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর কাছে নোটিস পাঠিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
শুধু ভারত নয়, একই পরিস্থিতি চিনেও তৈরি হয়েছে বলে খবর। সেখানেও ফিফা সম্প্রচার চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে ফিফার কর্তারা বেজিংয়ে আলোচনায় বসতে পারেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে বড় বাজারগুলির মধ্যে ভারত ও চিন নিয়ে কিছুটা চাপেই রয়েছে ফিফা। যদিও সংস্থার তরফে দ্রুত সমাধানের ইঙ্গিত মিলেছে, তবে নির্দিষ্ট সময়সীমা এখনও অনিশ্চিত।
ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন একটাই প্রশ্ন—বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট কি আদৌ ভারতে দেখা যাবে, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে?
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা