১৭ অগস্ট থেকে শুরু অন্নপূর্ণা ভান্ডারের টাকা!
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের অর্থপ্রদান শুরু হবে ১৭ অগস্ট থেকে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে প্রথম দফায় সব আবেদনকারী এই অর্থ পাবেন না। যাঁদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং কোনও ত্রুটি ধরা পড়েনি, তাঁরাই প্রথম পর্যায়ে টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১০ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করা এবং যাচাইয়ে অনুমোদিত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ অগস্ট থেকে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় তাঁদের অর্থ পেতে কিছুটা দেরি হবে।
সরকার জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে প্রতিটি আবেদন যাচাই করে দেখা হচ্ছে, আবেদনকারীরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেছেন কি না এবং দেওয়া তথ্য সঠিক কি না। এই যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ১০ অগস্ট দুপুর ২টায় সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায়-কে নিয়ে বিস্তারিত সাংবাদিক বৈঠক করবেন তিনি। সেখানে কারা প্রকল্পের আওতায় আসবেন, কারা বাদ পড়বেন এবং কী কী যোগ্যতার ভিত্তিতে অর্থ দেওয়া হবে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সরকারের প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির নির্বাচনী সঙ্কল্পপত্র অনুযায়ী এবং সমস্ত প্রশাসনিক ও আর্থিক নিয়ম মেনেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এ বারের জন্য অর্থপ্রদান ১৭ অগস্ট থেকে শুরু হলেও, আগামী মাসগুলি থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সমাজমাধ্যমে ভুয়ো পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সরকার ইতিমধ্যেই এ ধরনের পোস্ট নজরে রাখছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যোগ্য আবেদনকারীরা অবশ্যই প্রকল্পের সুবিধা পাবেন।
এ প্রসঙ্গে তিনি পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থপ্রদানে অনিয়মের অভিযোগও তোলেন। তাঁর দাবি, অতীতে একাধিকবার কিস্তির অর্থ একসঙ্গে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই ধরনের অনিয়ম না করে আবেদন যাচাই সম্পূর্ণ করে নির্ধারিত নিয়ম মেনেই অর্থ বিতরণ করতে চায়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।