১৩ মাস পর ক্রিকেটে ফিরছেন যৌন হেনস্থায় অভিযুক্ত যশ দয়াল!
উত্তরপ্রদেশ নিলম্বিত করেছে যশ দয়ালকে। তার জেরে রাজ্য বদলে ফেলতে চান তিনি। আগামী মরসুমে ছত্তীসগঢ়ের হয়ে খেলতে চান বাঁহাতি পেসার।
১৩ মাস পর আবার ক্রিকেটে ফিরতে চলেছেন যশ দয়াল। যৌন হেনস্থায় অভিযুক্ত হওয়ায় তাঁকে নিলম্বিত করেছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। তার জেরে রাজ্য বদলে ফেলতে চান তিনি। আগামী মরসুমে ছত্তীসগঢ়ের হয়ে খেলতে চান বাঁহাতি পেসার। উত্তরপ্রদেশ ক্রীড়া সংস্থার কাছে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়েছেন তিনি।
‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, দয়ালের এনওসি খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা। যা পরিস্থিতি তাতে এনওসি দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে ইতিমধ্যেই কর্নাটকের আলুরে ছত্তীসগঢ়ের শিবিরে যোগ দিয়েছেন দয়াল।
২০২৫ সালের আইপিএলের ফাইনালে শেষ বার খেলেছিলেন দয়াল। তার পর থেকে আর মাঠে দেখা যায়নি তাঁকে। এ বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে থাকলেও তাঁকে খেলানো হয়নি। এমনকি, বিরাট কোহলিদের শিবিরে দেখাও যায়নি তাঁকে। ইউপি টি২০ লিগে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল দয়ালের। নিলামে সাত লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল তাঁকে। কিন্তু প্রতিযোগিতার আগে দলে তাঁর নাম ছিল না।
দয়ালের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। দেশের দু’টি রাজ্যের পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। একটি ক্ষেত্রে অভিযোগকারিণী আবার নাবালিকা। গত বছর জুন মাসে গাজিয়াবাদে দয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ ছিল, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই সময়ে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন দয়াল। তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সেই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাল্টা তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেছেন দয়াল।
তার মাঝেই দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে দয়ালের আলাপ। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন দয়াল। সে সময় ক্রিকেট সংক্রান্ত পরামর্শ দেওয়ার অছিলায় তাঁকে একটি হোটেলে ডাকেন দয়াল। সেখানেই তাঁকে ধর্ষণ করেন আরসিবির বোলার। পরে আরও কয়েক বার তাঁর সঙ্গে সহবাস করেছেন দয়াল। জয়পুরের সাঙ্গান থানায় অভিযোগ করেন তিনি। প্রথম সহবাসের সময় নির্যাতিতা নাবালিকা থাকায় দয়ালের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই মামলা এখনও বিচারাধীন।
এই বিতর্কের মধ্যেই চলতি বছর ৪ ফেব্রুয়ারি দয়াল বিয়ে করেছেন নেটপ্রভাবী শ্বেতা পুন্ডিরকে। বিয়ের অনুষ্ঠানে শুধু দু’পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়েরা আমন্ত্রিত ছিলেন। সমাজমাধ্যমে অবশ্য বিয়ের কথা ঘোষণা করেননি তাঁরা। শুধু বিয়ের কয়েক দিন পর দু’জনের একটি ছবি পোস্ট করেছিলেন শ্বেতা। এ বার নতুন করে আবার ক্রিকেটজীবন শুরু করতে চাইছেন দয়াল। তার জন্যই রাজ্য বদল করতে চাইছেন তিনি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?