মান-অভিমান মিটিয়ে ফের ঘরে ফিরলেন হিরো আলম!
বাংলাদেশের বহুল আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ঘিরে গত কয়েক দিন ধরে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর—অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম, হৃদ্রোগের কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই খবরে তাঁর অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।
হাসপাতালে কয়েক দিন কাটিয়ে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হিরো আলম নিজেই জানান, “আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি। আসলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জন্যই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই চাপ থেকেই অসুস্থ হয়ে পড়েছিলাম।”
স্ত্রী রিয়া মণির সঙ্গে তাঁর বিবাদ যে বহুদিন ধরেই প্রকাশ্যে এসেছে, তা কারও অজানা নয়। কিছু দিন আগেই আলম অভিযোগ করেছিলেন, রিয়াকে তিনি অন্য একজনের সঙ্গে কক্সবাজারে হাতেনাতে ধরেছিলেন। সেই ঘটনার পর থেকেই দম্পতির সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে এবার মনে হচ্ছে ধীরে ধীরে সেই মান-অভিমান কাটছে। হিরো আলম বলেন, “আমাদের মধ্যে কিছুদিন দূরত্ব ছিল। ও রাগ করে অন্য একজনের সঙ্গে শুটিংয়ে গিয়েছিল। কিন্তু এখন রাগ অনেকটাই কমেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হবে। আবার একসঙ্গেই থাকব আমরা।”
প্রসঙ্গত, কয়েক দিন আগে এক সাংবাদিক বৈঠকে হিরো আলম জানান, স্ত্রীকে ফোনে জিজ্ঞাসা করলে রিয়া বলেন, তিনি নাকি ভাইয়ের বাড়িতে রয়েছেন। সন্দেহ হওয়ায় আলম ভিডিও কল করলে রিয়া ফোন ধরেননি। পরে নিজের লোকজনের মাধ্যমে জানতে পারেন, তিনি আসলে কক্সবাজারের এক হোটেলে ছিলেন। সেখানকার রুম নম্বর ও ভিডিও-সহ সমস্ত তথ্য আলম পান এবং সেই ঘটনার জেরে আইনি পদক্ষেপও নেন।
তবে সবকিছু জেনেও এই কনটেন্ট ক্রিয়েটর সংসার টিকিয়ে রাখার পক্ষেই সাফ কথা বললেন। তাঁর স্পষ্ট বক্তব্য, দাম্পত্য জীবনে ঝগড়া-অভিমান থাকবেই, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ককেই তিনি প্রাধান্য দিতে চান। “ঝগড়া হতেই পারে, কিন্তু সংসার ভেঙে যাওয়া আমি চাই না,” বলেন হিরো আলম।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে তাই নতুনভাবে শুরু করার বার্তাই দিলেন তিনি। অনুরাগীরাও চাইছেন, শারীরিক ও মানসিকভাবে দ্রুত সুস্থ হয়ে আবারও আগের মতোই কাজে ফিরুন হিরো আলম।