সৌদিকে পরমাণু প্রযুক্তির ছাড়! ট্রাম্পের পদক্ষেপে কি পশ্চিম এশিয়ায় জন্ম নেবে নতুন আণবিক শক্তিধর রাষ্ট্র?

সৌদিকে পরমাণু প্রযুক্তির ছাড়!! পশ্চিম এশিয়ার কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিই নয়, সৌদিকে ইউরেনিয়াম…

July 24, 2026
1 min read

সৌদিকে পরমাণু প্রযুক্তির ছাড়!!

পশ্চিম এশিয়ার কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু পরমাণু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তিই নয়, সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অনুমতিও দেওয়া হতে পারে বলে জোর জল্পনা। এই সিদ্ধান্ত কার্যকর হলে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, প্রস্তাবিত চুক্তির অনুমোদনের জন্য ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই চুক্তিতে এমন কয়েকটি কঠোর শর্ত শিথিল করার পরিকল্পনা রয়েছে, যা এত দিন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলির ক্ষেত্রে বজায় রেখে এসেছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং ব্যবহৃত পরমাণু জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ সংক্রান্ত বিধিনিষেধ।

বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, এই প্রযুক্তিগত ছাড় ভবিষ্যতে সৌদির হাতে পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন এবং বেসামরিক পরমাণু শক্তির ব্যবহার।

দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে পরমাণু সহযোগিতা চেয়ে আসছিল সৌদি আরব। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পর যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন সেই আলোচনায় নতুন গতি আনেন। চুক্তি কার্যকর হলে সৌদিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মার্কিন প্রযুক্তি ও বিপুল বিনিয়োগ আসতে পারে।

সৌদির এই আগ্রহের নেপথ্যে রয়েছে অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে ধীরে ধীরে সরিয়ে আনার পরিকল্পনা। ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তির ব্যবহার বাড়িয়ে খনিজ তেল রফতানির সুযোগ আরও বাড়াতে চায় রিয়াধ। পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিচ্ছন্ন শক্তির দিকেও ঝুঁকতে চাইছে তারা।

অন্যদিকে, এই সমঝোতা আমেরিকার জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ায় চিনের বাড়তে থাকা প্রভাব ঠেকানো, সৌদির সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং ভবিষ্যতের বড় পরমাণু প্রকল্পগুলির বাণিজ্যিক সুযোগ দখল— এই তিনটি লক্ষ্যই পূরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে বিরোধিতাও কম নয়। সবচেয়ে বেশি আপত্তি রয়েছে ইজ়রায়েলের। তাদের আশঙ্কা, আজ বেসামরিক প্রযুক্তি দেওয়া হলেও ভবিষ্যতে সেই প্রযুক্তির অপব্যবহার হতে পারে। কারণ অতীতে ইরানের ক্ষেত্রেও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি দিয়ে শুরু হলেও পরে তা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছিল।

আরও একটি প্রশ্ন উঠছে মার্কিন রাজনীতিতেও। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে কেন্দ্র করে কড়া অবস্থান নেওয়া ট্রাম্প প্রশাসন একই ধরনের প্রযুক্তি সৌদিকে দিতে চাইছে কেন? বিরোধীদের মতে, এই দ্বিচারিতা কংগ্রেসে বড় বিতর্ক তৈরি করতে পারে।

অবশ্য সমর্থকদের যুক্তি ভিন্ন। সৌদি আরব পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র সদস্য। ফলে আন্তর্জাতিক নিয়ম মেনে বেসামরিক পরমাণু কর্মসূচি চালানোর বাধ্যবাধকতা তাদের রয়েছে। সেই কারণেই এই চুক্তি নিরাপদ বলেই মনে করছে ট্রাম্প প্রশাসন।

তবু বাস্তব প্রশ্ন একটাই— এই সমঝোতা কি শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে পশ্চিম এশিয়ায় নতুন আণবিক শক্তির ভারসাম্য তৈরি করবে? ট্রাম্পের এই পদক্ষেপ এখন শুধু ওয়াশিংটন বা রিয়াধ নয়, গোটা বিশ্বের নজরের কেন্দ্রবিন্দুতে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *