সাজঘরে ধূমপান বিতর্কে রিয়ান পরাগ!
আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয় পেয়েছে রাজস্থান। কিন্তু সেই জয়ের আনন্দের মাঝেই বিতর্কে জড়ালেন দলের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন সাজঘরে বসে তাঁকে ধূমপান করতে দেখা যাওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।
ঘटनাটি ঘটে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের সময়। সেই মুহূর্তে ক্যামেরা ঘুরে যায় সাজঘরের দিকে। দেখা যায়, পরাগ হাতে একটি যন্ত্র ধরে মুখের সামনে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই সতীর্থ যশস্বী জয়সওয়াল সামনে এসে দাঁড়ান। তিনি সরে যেতেই স্পষ্ট দেখা যায় পরাগের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এতে অনেকেই অনুমান করছেন, তিনি সম্ভবত ই-সিগারেট জাতীয় কিছু ব্যবহার করছিলেন।
এই ঘটনাই মূলত বিতর্কের কেন্দ্রবিন্দু। কারণ, ভারতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী, এ ধরনের বস্তু ব্যবহার করলে শাস্তির মুখে পড়তে হতে পারে, এমনকি জেলও হতে পারে। শুধু তাই নয়, ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে, বিশেষ করে সাজঘর বা ড্রেসিং রুমে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া কোথাও ধূমপানের অনুমতি নেই।
বিশেষজ্ঞদের মতে, ই-সিগারেটকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, এর ভেতরে ঠিক কী ধরনের রাসায়নিক উপাদান থাকে, তা সবসময় পরিষ্কার নয়। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য রক্ষা করার জন্য এই ধরনের অভ্যাস একেবারেই অনুচিত। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেই মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই বিষয়ে বোর্ড বা রাজস্থান ফ্র্যাঞ্চাইজির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে অভিযোগ প্রমাণিত হলে পরাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই মনে করছেন ক্রিকেটমহলের অনেকেই। শাস্তির পরিমাণ নির্ভর করবে ঘটনার সত্যতা ও তদন্তের ফলাফলের উপর।
একদিকে মাঠে পারফরম্যান্স, অন্যদিকে মাঠের বাইরে আচরণ— একজন পেশাদার ক্রিকেটারের ক্ষেত্রে দুটোই সমান গুরুত্বপূর্ণ। এই ঘটনার জেরে রিয়ান পরাগের ভাবমূর্তি কতটা প্রভাবিত হবে, সেটাই এখন দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?