কর্ণ কুন্দ্রার বিরুদ্ধে ১১ বছর পর বিস্ফোরক দাবি অভিনেত্রী সান্বীর!
টেলিভিশন অভিনেতা কর্ণ কুন্দ্রার বিরুদ্ধে শুটিং চলাকালীন অসদাচরণের গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী সান্বী তলওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ২০১৫ সালে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে কহাঁ আ গয়ে হম’-এর শুটিংয়ের সময় তাঁর সম্মতি ছাড়াই কর্ণ তাঁকে চুম্বন করেছিলেন। শুধু তা-ই নয়, পরে তাঁকে জোরে চড়ও মারেন বলে অভিযোগ সান্বীর। তবে এই অভিযোগের বিষয়ে কর্ণ কুন্দ্রার পক্ষ থেকে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সান্বীর বক্তব্য অনুযায়ী, একটি দৃশ্যে চিত্রনাট্য অনুসারে কর্ণের তাঁকে চুম্বন করার অভিনয় করার কথা ছিল এবং দৃশ্যের অংশ হিসেবেই তাঁর কর্ণকে চড় মারার কথা ছিল। কিন্তু পরিচালকের ‘অ্যাকশন’ বলার আগেই কর্ণ নাকি তাঁকে চুম্বন করেন। এতে তিনি অস্বস্তি বোধ করেন এবং প্রতিবাদ হিসেবে অভিনেতাকে চড় মারেন।
অভিনেত্রীর অভিযোগ, কিছুক্ষণ পর কর্ণ ফিরে এসে তাঁকে জোরে চড় মারেন। সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান বলেও দাবি করেছেন সান্বী। পাশাপাশি, কর্ণ তাঁর ও তাঁর পরিবারের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন বলেও অভিযোগ তাঁর।
সান্বীর দাবি, ইন্ডাস্ট্রির অনেকেই এই ঘটনার কথা জানতেন। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমবার প্রকাশ্যে পুরো ঘটনার বর্ণনা দেন। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কেউ তাঁর পাশে দাঁড়াননি। পরে ধারাবাহিকের প্রযোজক একতা কপূর তাঁর সঙ্গে কথা বলেন, কর্ণের হয়ে দুঃখপ্রকাশ করেন এবং তাঁকে মানসিক সমর্থন দেন। সেই হস্তক্ষেপের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানিয়েছেন অভিনেত্রী।
সাক্ষাৎকারে সান্বী আরও অভিযোগ করেন, ঘটনার পরে ধারাবাহিকের পরিচালক বদলে দেওয়া হলেও তাঁর অস্বস্তি কাটেনি। তাঁর দাবি, পরবর্তী সময়ে একটি রোম্যান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক ইচ্ছাকৃতভাবে ‘কাট’ বলেননি, ফলে দৃশ্যটি প্রয়োজনের তুলনায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এই নিয়ে আপত্তি জানানোর পর দ্বিতীয় পরিচালককেও বদলে দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি।
অভিনেত্রী আরও জানান, শুটিংয়ের সময় তিনি সহ-অভিনেতা ও ইউনিটের সদস্যদের সঙ্গে পেশাদার দূরত্ব বজায় রাখতেন। তাঁর অভিযোগ, এই বিষয়টি কর্ণ এবং পরিচালকের পছন্দ ছিল না। সান্বীর কথায়, সে সময় তাঁর মনে হয়েছিল কর্ণ তাঁর প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাচ্ছেন। সেই কারণেই তিনি কর্ণের তৎকালীন প্রেমিকাকে গোটা বিষয়টি জানিয়েছিলেন। এরপর থেকেই সেটের পরিবেশ তাঁর কাছে ক্রমশ অস্বস্তিকর হয়ে ওঠে বলে দাবি করেছেন অভিনেত্রী।
তবে অতীতের এই ঘটনার কথা প্রকাশ্যে আনলেও বর্তমানে কর্ণ কুন্দ্রার প্রতি তাঁর ব্যক্তিগত কোনও বিদ্বেষ বা ক্ষোভ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন সান্বী। অন্যদিকে, এই অভিযোগ নিয়ে কর্ণ কুন্দ্রার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?