লর্ডসে নয়, বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের ভেন্যুতে বড় পরিবর্তন আনল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বার ঐতিহাসিক লর্ডসে দর্শকঠাসা গ্যালারির সামনে ফাইনাল অনুষ্ঠিত হলেও, আগামী বছরের ফাইনাল আর সেখানে হচ্ছে না। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন ডব্লিউটিসি ফাইনাল হবে লন্ডনের দ্য ওভাল মাঠে।
এই পরিবর্তনের মূল কারণ লর্ডসের পিচ সংস্কার। লর্ডসের দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, মাঠের উইকেটের মান উন্নত করতে বড়সড় কাজ শুরু করা হবে। সেই কারণেই নির্ধারিত সময়ে সেখানে ফাইনাল আয়োজন সম্ভব নয়।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিমধ্যেই আইসিসিকে জানিয়েছে, বর্তমান অবস্থায় লর্ডসের পিচ আন্তর্জাতিক মানের বড় ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয়। সম্প্রতি ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের পিচকে আইসিসি ‘অসন্তোষজনক’ বলে চিহ্নিত করে ডিমেরিট পয়েন্ট দিয়েছিল। এরপরই পিচ সংস্কারের সিদ্ধান্ত নেয় এমসিসি।
গত বছরের সফল আয়োজনের পর ধারণা করা হয়েছিল, টানা আরও কয়েক বছর লর্ডসেই ডব্লিউটিসি ফাইনাল হবে। যদিও সেই সিদ্ধান্ত কখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমসিসি অবশ্য আশা ছাড়ছে না। তাদের বিশ্বাস, পিচের উন্নয়ন শেষ হলে ভবিষ্যতে আবার লর্ডসেই ফিরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সূত্রের খবর, ২০২৯ সালের ফাইনাল আবার লর্ডসে আয়োজনের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এই পরিবর্তনের ফলে বড় সুবিধা পেল সারে কাউন্টি ক্রিকেট ক্লাব। দ্য ওভাল এমনিতেই আগামী বছর একটি টেস্ট ম্যাচ আয়োজন করার কথা ছিল। তার সঙ্গে ডব্লিউটিসি ফাইনাল যুক্ত হওয়ায় মাঠটির বাণিজ্যিক গুরুত্ব আরও বেড়ে গেল। একই মৌসুমে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই।
সারে ক্লাবের প্রধান নির্বাহী স্টিভ এলওয়ার্দি বলেন, “বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচগুলির একটি আয়োজনের সুযোগ পাওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চেয়ে বড় টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ খুব কমই আসে।”
লর্ডস সাময়িকভাবে তালিকা থেকে বাদ পড়লেও, আইসিসি ইংল্যান্ডেই ডব্লিউটিসি ফাইনাল আয়োজনের নীতি বজায় রেখেছে। এখন নজর থাকবে, নতুন ভেন্যু দ্য ওভালে কোন দুই দল জায়গা করে নেয় এবং বিশ্ব টেস্টের সেরা হওয়ার লড়াই কতটা জমে ওঠে
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?