লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন!
উত্তরপ্রদেশের লখনউয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। সোমবার দুপুরে আলিগঞ্জ এলাকার একটি বহুতলে আচমকাই আগুন লাগে। সেই সময় কোচিং সেন্টারে বহু পড়ুয়া উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচিং সেন্টারটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। নীচের তলায় রয়েছে একটি পোষ্য প্রাণীর দোকান। আগুন লাগার পর ধোঁয়ায় চারদিক ঢেকে গেলে অনেক পড়ুয়া বেরোনোর পথ খুঁজে না পেয়ে জানলা ভেঙে বাইরে আসার চেষ্টা করেন। কয়েক জনকে দোতলার জানলা ও কার্নিশ থেকে ঝাঁপ দিতেও দেখা যায়।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, এক ছাত্র ভাঙা জানলা দিয়ে বেরিয়ে কার্নিশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিছুক্ষণ ঝুলে থাকার পর ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় সে। অন্য ভিডিওগুলিতে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে ভবনের একটি অংশ, আর আতঙ্কিত পড়ুয়ারা দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যাওয়ায় প্রথমে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হলেও পরে দমকলকর্মীরা অভিযান চালিয়ে একে একে আটকে পড়া পড়ুয়াদের বাইরে বের করে আনেন। পাশাপাশি আশপাশের মানুষজনকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান সম্পূর্ণ হওয়ার পর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?