রথযাত্রার পাঁপড়-পার্বণ: শুধু বিউলি বা মুগ নয়, বাঙালির রসনায় রয়েছে কত রকমের মুচমুচে স্বাদ!

রথযাত্রার পাঁপড়-পার্বণ! রথযাত্রা মানেই জগন্নাথদেবের রথ, মেলা, বৃষ্টিভেজা বিকেল আর গরম গরম পাঁপড়ভাজার গন্ধ। পুরীর মন্দিরে ৫৬ ভোগের বিশাল আয়োজনে পাঁপড়ের বিশেষ স্থান না থাকলেও, বাংলায় রথযাত্রা যেন পাঁপড় ছাড়া…

July 16, 2026
1 min read

রথযাত্রার পাঁপড়-পার্বণ!

রথযাত্রা মানেই জগন্নাথদেবের রথ, মেলা, বৃষ্টিভেজা বিকেল আর গরম গরম পাঁপড়ভাজার গন্ধ। পুরীর মন্দিরে ৫৬ ভোগের বিশাল আয়োজনে পাঁপড়ের বিশেষ স্থান না থাকলেও, বাংলায় রথযাত্রা যেন পাঁপড় ছাড়া কল্পনাই করা যায় না। আষাঢ়ের মেঘলা আকাশে খিচুড়ির সঙ্গে কিংবা শুধু চায়ের আড্ডায় এক প্লেট মুচমুচে পাঁপড়— এ যেন উৎসবেরই অবিচ্ছেদ্য অংশ।

সময় বদলেছে, বদলেছে বাঙালির খাদ্যাভ্যাসও। আজ নাচোস, পপকর্ন বা নানা বিদেশি স্ন্যাকস খাওয়ার অভ্যাস তৈরি হলেও রথের দিনের পাঁপড়ভাজার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং এখন বাজারে পাওয়া যায় নানান ধরনের পাঁপড়, যা রথের আনন্দকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

ছোলার ডালের পাঁপড় উত্তর ও পশ্চিম ভারতে বেশি জনপ্রিয় হলেও এখন বাংলার রান্নাঘরেও জায়গা করে নিয়েছে। জোয়ান, হিং ও লঙ্কার গুঁড়োর স্বাদে এটি হয় ঝাঁঝালো, মুচমুচে এবং সুগন্ধি।

মশলা পাঁপড় বৃষ্টির দিনে খিচুড়ির সেরা সঙ্গী। সাধারণত মুগ ও বিউলির ডাল দিয়ে তৈরি এই পাঁপড়ে গোলমরিচ, ভাজা জিরে ও লঙ্কার মশলা থাকায় স্বাদ হয় আরও তীব্র ও মুখরোচক।

আলুর পাঁপড় বহু বাঙালি পরিবারের গ্রীষ্মের প্রস্তুতির অন্যতম অংশ। সেদ্ধ আলু ও সামান্য মশলা দিয়ে তৈরি এই পাঁপড় রোদে শুকিয়ে রাখা হয়। অনেকেই তেলে ভাজার বদলে আগুনে সেঁকে খেতেই বেশি পছন্দ করেন।

চালের পাঁপড় আকারে ছোট ও পাতলা হলেও খেতে দারুণ মচমচে। আবার সুজির পাঁপড় খুব সহজে ঘরেই তৈরি করা যায়। সুজির মণ্ডে চিলি ফ্লেক্স বা ধনেপাতা মিশিয়ে রোদে শুকিয়ে নিলে ভাজার পর তা দেখতে যেমন আকর্ষণীয় লাগে, তেমনই খেতেও দারুণ।

যাঁরা একটু ভিন্ন স্বাদ পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে টম্যাটোর পাঁপড়। চালের গুঁড়ো বা সাবুদানার সঙ্গে টম্যাটোর রস মিশিয়ে তৈরি এই পাঁপড় ভাজার পরে হালকা টক-ঝাল-মিষ্টি স্বাদ এনে দেয়। চাট মশলা ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।

এখন স্বাস্থ্যসচেতনদের কাছেও জনপ্রিয় রাগির পাঁপড়। ফাইবার ও ক্যালশিয়ামে সমৃদ্ধ এই পাঁপড় ডালের পাঁপড়ের তুলনায় আরও বেশি মুচমুচে। পাশাপাশি পালংশাকের পাঁপড় সবুজ রং ও আলাদা স্বাদের জন্য ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

দক্ষিণ ভারতের স্বাদ পছন্দ হলে কাঁচকলার পাঁপড়ও একবার চেখে দেখতে পারেন। কাঁচকলা, গোলমরিচ ও সামান্য নারকেল তেল দিয়ে তৈরি এই পাঁপড় নারকেল তেলে ভেজে খেলে তার স্বাদ আরও বেড়ে যায়।

রথযাত্রার উৎসব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, এটি বাঙালির খাদ্যসংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। আর সেই উৎসবের মেনুতে গরম গরম পাঁপড়ভাজা থাকলে আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *