রণবীরের মতো পুরুষ কি সত্যিই পছন্দ রশ্মিকা মন্দানার?
রশ্মিকা মন্দানা, যিনি সবসময় নিজের স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত, সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। প্রসঙ্গ: সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিতে রণবীর কপূর অভিনীত রণবিজয় চরিত্রটি একজন এমন পুরুষ, যার আচরণ উগ্র, আধিপত্যপূর্ণ এবং সম্পর্কের নামে কখনও মারধর, আবার কখনও প্রেম দেখানো—সবই তার মর্জিমাফিক। রণবিজয়ের মতো চরিত্র কি বাস্তবেও পছন্দ রশ্মিকার? এক আলোচনা সভায় এই প্রশ্ন তুলতেই রশ্মিকার উত্তর শুনে মঞ্চ জুড়ে হাসির রোল ওঠে।
‘অ্যানিম্যাল’-এর রণবিজয় এমন এক পুরুষ, যে নিজের প্রেমিকাকে কখনও চড়-ঘুষি মারতে পিছপা হয় না, আবার সেই ক্ষতের উপর চুম্বনের প্রলেপও দেয়। সে নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য পরনারীর সঙ্গে সম্পর্ক গড়তেও কুণ্ঠিত নয়, অথচ প্রেমিকার পুরুষ বন্ধুত্বে আপত্তি তার। বাবা-নির্ভর মানসিকতা, মায়ের ভূমিকা সীমিত, পুরুষই পরিবারের রক্ষক—এই পুরুষতান্ত্রিক মনোভাব নিয়েই তার চরিত্র গড়ে উঠেছে।
আলোচনা সভায় উপস্থিত এক অনুরাগী সরাসরি রশ্মিকাকে প্রশ্ন করেন, বাস্তবে কি রণবিজয়ের মতো পুরুষের সঙ্গে তিনি সম্পর্কে থাকতে চাইবেন? রশ্মিকার উত্তর ছিল, “আমি সত্যিই বিশ্বাস করি, যদি তুমি কাউকে ভালবাসো আর সেও তোমাকে ভালবাসে, তাহলে তার মধ্যে কিছু পরিবর্তন আসতেই পারে।” এই কথা শুনে সঞ্চালক হেসে বলেন, “সত্যিই কি কাউকে পরিবর্তন করা যায়? এটা তো শিশুসুলভ ধারণা।” মুহূর্তে দর্শকদের মধ্যেও হাসির রেশ ছড়িয়ে পড়ে।
কিন্তু রশ্মিকা নিজের বক্তব্যে অনড়। তিনি ব্যাখ্যা দেন, “ছোটবেলা থেকে যারা প্রেমে পড়ে, একসঙ্গে বড় হয়, তাদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতেই পারে। বয়সের সঙ্গে যখন বোঝাপড়া তৈরি হয়, তখন মানুষ নিজের ভুল বুঝতে শেখে, বদলও আসে।” যদিও দর্শকদের একাংশ, বিশেষত ত্রিশোর্ধ্ব মহিলারা, এই বক্তব্য মানতে নারাজ। কারও মন্তব্য ছিল, “এই বয়সে এসেও আমরা জানি, এমন ধরনের পুরুষদের বদলানো সত্যিই সহজ নয়।”
রশ্মিকার এই মন্তব্য ঘিরে এখন সামাজিক মাধ্যমে নানা মতামত ঘুরছে। কেউ বলছেন, সম্পর্ক মানে একে অপরের ভুল শুধরানো এবং ভালো দিকগুলো সামনে আনা। আবার কেউ বলছেন, মারধর বা অসম্মান যে কোনও সম্পর্কের মূল ভেঙে দেয়, সেখানে পরিবর্তনের আশায় থাকা নেহাতই ছেলেমানুষি।
শেষ পর্যন্ত এই বিতর্কের মধ্যেই উঠে আসছে পুরুষতান্ত্রিক সম্পর্কের জটিল বাস্তবতা। সিনেমায় যা দেখানো হয়, বাস্তবে তা কতটা মানা যায়, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে রশ্মিকার কথা থেকেই বোঝা যাচ্ছে, তিনি বিশ্বাস করেন, ভালবাসা থাকলে মানুষ বদলাতেই পারে। বাস্তব জীবনে সেটা কতটা সম্ভব, সেই উত্তর সময়ই দেবে।
ক্রিকেটার চাহালের সঙ্গে নাম জড়ানো আরজে মাহবিশের নতুন চমক, কিনে নিলেন নিজস্ব ক্রিকেট দল!