মেসি যে খেলছিল, টেরই পাইনি!
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও ক্ষোভ কাটেনি মিশরের ফুটবলার মোস্তাফা জ়িকোর। এর আগে ম্যাচ পরিচালনা নিয়ে রেফারি ও ফিফার বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এবার সরাসরি আক্রমণের নিশানায় লিয়োনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের পারফরম্যান্সকে খাটো করে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মিশরের এই ফুটবলার।
শেষ ষোলোর সেই ম্যাচে মিশর একসময় ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এরপর মাত্র ১৩ মিনিটের ঝড়ে ম্যাচের রং বদলে দেয় আর্জেন্টিনা। একটি গোলে অ্যাসিস্ট করেন মেসি, পরে নিজেও একটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে জ়িকোর দাবি, ম্যাচে মেসির প্রভাব তিনি নাকি অনুভবই করেননি। তাঁর কথায়, “মেসি হয়তো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই সবার আগে। আমি রোনাল্ডোকে খুব ভালোবাসি। আর সেই ম্যাচে মেসি যে মাঠে ছিল, সেটাই বুঝতে পারিনি।”
এটাই প্রথম নয়, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই আর্জেন্টিনা ও ফিফার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ করে আসছেন জ়িকো। ম্যাচের পর তিনি দাবি করেছিলেন, রেফারির সিদ্ধান্তের কারণেই মিশর হারতে বাধ্য হয়েছে।
জ়িকোর অভিযোগ ছিল, “রেফারি শুরু থেকেই আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের জিততে দেওয়া হয়নি। মনে হয়েছে, আর্জেন্টিনাকে জেতানোর পরিকল্পনা আগেই করা ছিল। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না, সবকিছুই রেফারির হাতে চলে গিয়েছিল।”
দেশের সমর্থকদের কাছেও ক্ষমা চেয়ে তিনি বলেছিলেন, দলের ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না। এমনকি পুরো বিশ্বকাপের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে মিশরের হয়ে জ়িকো দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে ফুটবলমহলে। দেশে ফেরার পর দলকে সংবর্ধনাও দেওয়া হয়। তবু আর্জেন্টিনার কাছে নাটকীয় পরাজয়ের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
উল্লেখযোগ্যভাবে, ওই ম্যাচে জ়িকোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল, যা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। ম্যাচের শেষদিকে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে মিশরের কোচও হলুদ কার্ড দেখেন। পরে মিশরের ফুটবল সংস্থা কোচের বিরুদ্ধে হওয়া আচরণ এবং ম্যাচ পরিচালনা নিয়ে ফিফার কাছে অভিযোগ দায়ের করে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ফিফার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
জ়িকোর সাম্প্রতিক মন্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, ম্যাচের হতাশা থেকেই এই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, মেসির সমর্থকদের একাংশ মনে করছেন, মাঠের পারফরম্যান্সই সব প্রশ্নের উত্তর দিয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?