মাঠেই লুটিয়ে মৃত্যু তরুণ পেসারের!
জম্মু-কাশ্মীরের একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বল করতে এসে নিজের ওভার শেষ করার কিছুক্ষণের মধ্যেই মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু হল তরুণ পেসার সুহেলের। ঘটনাটি ঘটেছে ‘ভালেসা চেনাব প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ক্রিকেটমহলে।
বাদশা ১১ ভালেসা দলের হয়ে খেলছিলেন সুহেল। প্রতিপক্ষ ছিল জিমখানা কিস্তওয়ার। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নিজের দ্বিতীয় ওভার শেষ করে ফেরার সময় তিনি প্রথমে জুতোর ফিতে বাঁধতে নিচু হন। উঠে দাঁড়ানোর পর কয়েক মুহূর্ত ভারসাম্য হারাতে দেখা যায় তাঁকে। যদিও কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক ভাবে হাঁটতে শুরু করেছিলেন। কিন্তু কয়েক পা এগোতেই আচমকা মাঠেই লুটিয়ে পড়েন।
সুহেল মাটিতে পড়ে যেতেই দুই দলের ক্রিকেটাররা দ্রুত তাঁর কাছে ছুটে যান। মাঠেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হয়। এরপর তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি মাঠের ভিতরে প্রবেশ করছে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যেহেতু ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হচ্ছে, তাই সুহেলের দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্ট হাতে পাওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সুহেলের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার নেপথ্যে কোনও শারীরিক সমস্যা ছিল কি না বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খেলার মাঠে এ ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনা ফের একবার খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা এবং জরুরি চিকিৎসা-পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় ক্রিকেটপ্রেমী ও সতীর্থদের কাছে সুহেলের এই অকাল প্রয়াণ গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?