মন্ধানার ঝোড়ো নেতৃত্বে ফাইনালের টিকিট বেঙ্গালুরুর, অঙ্ক কষেই বাঁচল ইউপি

মন্ধানার ঝোড়ো নেতৃত্বে ফাইনালের টিকিট বেঙ্গালুরুর! দু’ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে দুরন্ত প্রত্যাবর্তন। গ্রুপের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে উড়িয়ে দিয়ে মহিলাদের আইপিএলের ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানার…

January 30, 2026
1 min read

মন্ধানার ঝোড়ো নেতৃত্বে ফাইনালের টিকিট বেঙ্গালুরুর!

দু’ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে দুরন্ত প্রত্যাবর্তন। গ্রুপের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে উড়িয়ে দিয়ে মহিলাদের আইপিএলের ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানার নেতৃত্বে এ দিন কার্যত একচেটিয়া দাপট দেখাল বেঙ্গালুরু শিবির।

প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়র্জ় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪৩ রান। জবাবে মাত্র ১৩.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু, হাতে থাকে ৮ উইকেট। ব্যাট হাতে ঝলসে ওঠেন গ্রেস হ্যারিস ও স্মৃতি মন্ধানা— দু’জনেই অর্ধশতরান করেন।

ফাইনালে ওঠার জন্য শেষ তিন ম্যাচের মধ্যে একটি জয়ই যথেষ্ট ছিল বেঙ্গালুরুর। কিন্তু টানা দু’ম্যাচে হারের পর চাপ বেড়েছিল। সেই চাপ সরিয়ে এ দিন ব্যাটে-বলে ম্যাচের নায়ক হয়ে ওঠেন গ্রেস হ্যারিস। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ঝকঝকে ৭৫ রান।

ইউপি ইনিংসের শুরুটা ছিল আশাব্যঞ্জক। চোটের কারণে ফিবি লিচফিল্ড না থাকায় অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে ওপেন করতে নামেন দীপ্তি শর্মা। প্রথম আট ওভারে ওপেনিং জুটিতে ওঠে ৭৪ রান। কিন্তু নবম ওভারে নাদিন ডি ক্লার্কের জোড়া আঘাতে ম্যাচের রাশ ঘুরে যায়। এক ওভারেই ফেরেন ল্যানিং (৪১) ও এমি জোনস। সেই ধাক্কা আর সামলাতে পারেনি ইউপি।

এর পর মাঝের ওভারে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। দীপ্তি একপ্রান্ত আগলে রেখে ৫৫ রান করলেও অন্য প্রান্তে কেউ দাঁড়াতে পারেননি। ডি ক্লার্ক ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। চলতি মরসুমে প্রথম বার বল করতে এসে গ্রেস হ্যারিস তুলে নেন হরলীন দেওল ও ক্লোয়ি ট্রিয়নের গুরুত্বপূর্ণ উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী বেঙ্গালুরু। প্রথম বলেই চার মেরে নিজের ইনিংসের সুর বেঁধে দেন হ্যারিস। ইউপি-র কোনও বোলারই তাঁকে আটকাতে পারেননি, এমনকি অভিজ্ঞ সোফি একলেস্টোনও নয়। ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ১৩টি চার ও দু’টি ছক্কা মারেন তিনি।

শেষের কাজটা ঠান্ডা মাথায় সারেন অধিনায়ক স্মৃতি মন্ধানা। ২৭ বলে অপরাজিত ৫৪ রানে ম্যাচ শেষ করেন তিনি, মারেন ৮টি চার ও ২টি ছক্কা। ৪১ বল বাকি থাকতেই জয়ের সিলমোহর পড়ে।

৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে বেঙ্গালুরু। এক সপ্তাহ বিশ্রামের পর তারা দেখবে, কারা প্লে-অফে ওঠে। অন্য দিকে, পয়েন্ট তালিকার তলানিতে থাকা অভিষেক নায়ারের ইউপি ওয়ারিয়র্জ় এখনও অঙ্কের জোরে টিকে রয়েছে। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে তাদের অভিযান থামবে গ্রুপ পর্বেই।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *