ভুল পথে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কার অভিযোগ, স্থানীয়দের সঙ্গে বচসায় ‘মুন্না ভাই’ অভিনেতা

ভুল পথে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কার অভিযোগ! ‘লগে রহো মুন্না ভাই’, ‘ফ্যাশন’, ‘দেসি বয়েজ’, ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘শহজ়াদা’-র মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অশ্বিন মুশরান। এ বার গোয়ায়…

August 16, 2026
1 min read

ভুল পথে গাড়ি চালিয়ে বাইকে ধাক্কার অভিযোগ!

‘লগে রহো মুন্না ভাই’, ‘ফ্যাশন’, ‘দেসি বয়েজ’, ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘শহজ়াদা’-র মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অশ্বিন মুশরান। এ বার গোয়ায় এক দুর্ঘটনাকে ঘিরে গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, ভুল দিক দিয়ে গাড়ি চালিয়ে একটি বাইকে ধাক্কা দেন অভিনেতা। বাইকে থাকা বাবা ও ছেলে দুর্ঘটনায় আহত হন বলে দাবি স্থানীয়দের। আহত বাবার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনাটি গোয়ার মডগাঁও এলাকায় বলে খবর। অভিযোগ, অশ্বিনের গাড়ি ভুল দিক থেকে এসে বাইকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অভিনেতা এবং তাঁর স্ত্রীকে স্থানীয়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।

দুর্ঘটনার পরেই শুরু বচসা

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর আহত বাইক-আরোহীর পাশে দাঁড়ানোর পরিবর্তে অশ্বিন এবং তাঁর স্ত্রী উল্টে বাইক-আরোহীকেই দোষারোপ করতে শুরু করেন। বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় নেতা অমোল কনেকর-সহ কয়েক জন ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা দম্পতির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

অমোলের দাবি, দুর্ঘটনায় বাইকে থাকা বাবা গুরুতর আহত হন। এমনকি তাঁর শরীরের হাড়ের একটি অংশ গাড়িতে আটকে গিয়েছিল বলেও দাবি করেছেন তিনি। তবে এই অভিযোগের স্বাধীন ভাবে সত্যতা যাচাই হয়নি।

স্থানীয় নেতার আরও অভিযোগ, আহত ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে অভিনেতা তর্কে জড়িয়ে পড়েন। এমনকি পরে একটি পার্টিতে যোগ দেওয়ার জন্য ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন বলেও দাবি করেন অমোল।

অভিনেতার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ

বচসার সময় অভিনেতার স্ত্রী তাঁর দিকে থুতু ছেটান বলেও অভিযোগ করেছেন অমোল। তাঁর দাবি, দুর্ঘটনার জন্য নিজেদের দায় থাকা সত্ত্বেও প্রথমে অশ্বিন ও তাঁর স্ত্রী ক্ষমা চাননি। বরং ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয়েরা অশ্বিনের গাড়ি আটকে দেন। অভিনেতাকে জানানো হয়, তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত গাড়ি ছাড়া হবে না। কিছু সময় পরে অশ্বিন ঘটনাস্থলে ফিরে এসে ক্ষমা চান বলে স্থানীয় সূত্রের দাবি।

তবে সেই ক্ষমাপ্রার্থনাও আন্তরিক ছিল না বলে অভিযোগ অমোলের। তাঁর দাবি, গোটা ঘটনাকে অভিনেতা যথেষ্ট হালকা ভাবে নিয়েছিলেন।

পুলিশের বক্তব্য এখনও সামনে আসেনি

এই ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনও একাধিক প্রশ্ন রয়েছে। দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটেছিল, গাড়িটি সত্যিই ভুল দিক দিয়ে যাচ্ছিল কি না এবং পরে বচসার সময় কী ঘটেছিল— তা স্পষ্ট করতে তদন্তের প্রয়োজন।

এখনও পর্যন্ত পুলিশের তরফে ঘটনার বিষয়ে কোনও বিস্তারিত বক্তব্য প্রকাশ্যে আসেনি। একই ভাবে অশ্বিন মুশরানের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে স্থানীয় নেতার তোলা অভিযোগগুলির সম্পূর্ণ সত্যতা এখনও নিশ্চিত নয়। পুলিশের তদন্ত এবং অভিনেতার বক্তব্য সামনে এলেই গোয়ার এই বিতর্কিত দুর্ঘটনার আসল ছবি আরও পরিষ্কার হবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *