ব্রাজ়িলকে অভিবাদন জানাতে গিয়ে জে ডব্লিউ ম্যারিয়টে শ্লীলতাহানির অভিযোগ
ব্রাজ়িল ফুটবল দলকে এক ঝলক দেখতে কলকাতার অভিজাত হোটেলের লবিতে ভিড় করেছিলেন অনেকে। সেই ভিড়ের মধ্যেই নাগাল্যান্ডের এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। শনিবার গভীর রাতে বাইপাসের ধারের জে ডব্লিউ ম্যারিয়টে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযুক্ত এক যুবককে হোটেলের ঘর থেকেই গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তিনি এক সঙ্গীর সঙ্গে হোটেলের লবিতে দাঁড়িয়ে ব্রাজ়িল দলকে অভিবাদন জানাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় এক যুবক তাঁদের দু’জনকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন। মহিলার দাবি, ওই ঘটনায় তাঁর শ্লীলতাহানি হয়েছে।
ঘটনার পরেই প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর করা হয়। রাতেই হোটেলের লবির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা শুরু করে পুলিশ।
অভিযোগকারী মহিলাই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর গতিবিধি খতিয়ে দেখে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম পলাশ রায়। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
ব্রাজ়িল ফুটবল দল কলকাতায় আসার আগে থেকেই হোটেল এবং ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মধ্যেই এমন অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
এই হোটেলেই এর আগে আরও একটি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। কয়েক দিন আগে গভীর রাতে বন্ধুদের সঙ্গে হোটেলের ডিস্কোয় গিয়ে ২০ বছরের এক তরুণী হেনস্থার শিকার হন বলে অভিযোগ। পথ আটকে তাঁকে অশালীন ভাবে স্পর্শ এবং গালিগালাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায়ও প্রগতি ময়দান থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছিল।
কলকাতার অন্য প্রান্তেও সম্প্রতি মহিলাদের হেনস্থার অভিযোগ সামনে এসেছে। অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে এক মহিলা শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় কসবা থানার পুলিশ ছ’জনকে গ্রেফতার করে।
ব্রাজ়িলের কলকাতা সফর এবং যুবভারতীতে তাদের ম্যাচ ঘিরে যখন উৎসাহ তুঙ্গে, তখন শহরের একটি পাঁচতারা হোটেলে পর পর এমন অভিযোগ নতুন করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।