বৈভব সূর্যবংশীর আচরণ ঘিরে বিতর্ক!
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ়সেরার পুরস্কার জিতেছেন ভারতের ১৫ বছর বয়সি ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার তাঁর একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। ভিডিওতে দেখা গিয়েছে, এক সিনিয়র সতীর্থকে নিজের টুপি তুলে আনতে বলছেন বৈভব। সেই ঘটনাকে কেন্দ্র করেই নেটমাধ্যমে মতভেদ তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন। ফিল্ডিং করার সময় একটি বল বাঁচাতে দৌড়নোর মুহূর্তে বৈভবের মাথা থেকে টুপি খুলে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তাঁর সতীর্থ যশ ঠাকুর ভালো ফিল্ডিংয়ের জন্য অভিনন্দন জানাতে এগিয়ে আসেন। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, বৈভব মজার ছলে যশকে বলেন, ‘আগে আমার টুপি কুড়িয়ে আনুন, তারপর হাত মেলাবেন।’ এরপর যশ টুপিটি তুলে এনে তাঁর সঙ্গে হাত মেলান।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মতে, এত কম বয়সে সাফল্য পাওয়ার পর বৈভবের আচরণে অহংকারের ছাপ ফুটে উঠেছে। তাঁদের দাবি, সিনিয়র হোক বা জুনিয়র— কোনও সতীর্থের সঙ্গেই এমন ব্যবহার করা উচিত নয়। অনেকেই আবার বিষয়টি নিয়ে দলের কোচিং স্টাফের নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেছেন।
তবে অন্য একটি অংশের মত সম্পূর্ণ ভিন্ন। তাঁদের মতে, পুরো ঘটনাটি ছিল সতীর্থদের মধ্যে হালকা মেজাজের খুনসুটি। বৈভব বরাবরই সিনিয়র ক্রিকেটারদের সম্মান করেন এবং তাঁদের সঙ্গে সৌজন্য বজায় রাখেন। যশ ঠাকুরও ঘটনাটিকে হাসি-মজার ছলেই নিয়েছিলেন বলেই কোনও আপত্তি না করে টুপি তুলে দেন। তাই কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেই মনে করছেন অনেকে।
এই বিতর্কের মাঝেই ক্রিকেট মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন বৈভব। জ়িম্বাবোয়ে সিরিজ়ে তিন ম্যাচে সর্বাধিক রান করে বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি সিরিজ়সেরার পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে বৈভব বলেন, প্রথমবার ম্যাচসেরা ও সিরিজ়সেরা হওয়া তাঁর কাছে স্বপ্নপূরণের মতো।
তরুণ ওপেনার আরও জানিয়েছেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়ই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শতরানের সুযোগ থাকলেও দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ৮১ রানে আউট হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, টি-টোয়েন্টিতে তাঁর স্বাভাবিক খেলাই এ রকম। দেশের হয়ে দ্রুত রান করে দলকে ভালো শুরু এনে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
বৈভবের এই ভিডিও ঘিরে বিতর্ক চললেও, ঘটনাটি নিছক মজা ছিল নাকি সত্যিই অসম্মানজনক আচরণ— তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে বিষয়টি আপাতত সোশ্যাল মিডিয়ার বিতর্কেই সীমাবদ্ধ রয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?