বিশ্বকাপ বিপর্যয়ের মাঝেই পাকিস্তান শিবিরে অশান্তি!
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক হারের ধাক্কায় বিপর্যস্ত পাকিস্তান দল। এর মধ্যেই সামনে এসেছে দলের অন্দরমহলের অশান্তির খবর। অভিযোগ, মেন্টর ওয়াহাব রিয়াজ়ের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন অধিনায়ক ফতিমা সানা। দল পরিচালনা এবং ক্রিকেটার নির্বাচন নিয়েই নাকি দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে কোনও সাফল্য পায়নি পাকিস্তান। মাঠের ব্যর্থতার পাশাপাশি এ বার আলোচনায় উঠে এসেছে সাজঘরের পরিবেশও। সূত্রের খবর, প্রথম একাদশ নির্বাচন নিয়ে রিয়াজ় এবং ফতিমার মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছিল। মেন্টর হলেও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রিয়াজ়ের প্রভাব বেশি থাকায় অধিনায়ক নাকি নিজের মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না বলে মনে করছিলেন।
অশান্তির সূত্রপাত বাংলাদেশ ম্যাচের আগে বলে জানা গিয়েছে। দলের ক্রিকেটার আলিয়া রিয়াজ়ের স্বামী আলি ইউনিসকে নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, আলিয়ার ঘরে তাঁর স্বামী ছিলেন, যা নিয়ে আপত্তি জানান ফতিমা। অধিনায়কের প্রতিবাদের পর ইউনিসকে হোটেলের ঘর ছাড়তে বলা হয় বলে খবর।
পাকিস্তান দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তির দাবি, শুধু থাকার বিষয় নয়, ম্যাচের আগে দলের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন আলিয়া। স্বামীর সঙ্গে বাইরে যাওয়ায় অধিনায়ক তাঁর উপর অসন্তুষ্ট হন। সেই কারণেই বাংলাদেশ ম্যাচে আলিয়াকে প্রথম একাদশে না রাখার পক্ষে ছিলেন ফতিমা।
তবে অধিনায়কের সেই সিদ্ধান্তে সায় দেননি রিয়াজ়। তাঁর মতেই শেষ পর্যন্ত দলে রাখা হয় আলিয়াকে। কিন্তু ম্যাচে পাকিস্তান হেরে যায় এবং আলিয়াও ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। ম্যাচের পর রিয়াজ় ও ফতিমার মধ্যে তীব্র বাদানুবাদ হয় বলে খবর। প্রকাশ্যেই হারের জন্য মেন্টরকে দায়ী করেন অধিনায়ক। দলের মধ্যে তৈরি হওয়া বিশৃঙ্খলার জন্যও তিনি রিয়াজ়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলে জানা গিয়েছে।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনার সত্যতা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি। আবার পুরো বিষয়টি অস্বীকারও করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বোর্ডের এক সূত্রের দাবি, বিশ্বকাপ শুরুর পর থেকেই দলের মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছিল।
সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ক্রিকেটার—দলের অভ্যন্তরীণ বিভাজনই নাকি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় যেখানে দলগত ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানেই পাকিস্তান শিবিরে তৈরি হয়েছে অস্থিরতা।
মাঠের ব্যর্থতার সঙ্গে যদি সাজঘরের এই সমস্যা সত্যি হয়ে থাকে, তা হলে পাকিস্তান মহিলা ক্রিকেটের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এখন নজর থাকবে, প্রতিযোগিতার পর পিসিবি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয় কি না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?