বিশ্বকাপের হতাশা ভুলে ক্লাবে দুরন্ত প্রত্যাবর্তন নেমারের!
বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি। চোটের কারণে পুরো টুর্নামেন্টেও নিয়মিত খেলতে পারেননি। তবে ক্লাব ফুটবলে ফিরেই নিজের ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন ব্রাজ়িলের তারকা নেমার। ব্রাজ়িলিয়ান ক্লাব স্যান্টসের জার্সিতে জোড়া গোল করে শুধু দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্টই এনে দেননি, নিজের অভিনব গোল উদ্যাপনের মাধ্যমে সমালোচকদেরও কড়া বার্তা দিয়েছেন।
ব্রাজ়িলিয়ান লিগে অবনমন অঞ্চলের লড়াইয়ে থাকা চাপেকোয়েনসের বিরুদ্ধে ২-২ ড্র করেছে স্যান্টস। দলের দুটি গোলই করেন নেমার। এই ড্রয়ের ফলে স্যান্টস আপাতত অবনমন অঞ্চলের ঠিক এক ধাপ উপরে অবস্থান করছে। কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নেমারের এই পারফরম্যান্স সমর্থকদেরও স্বস্তি দিয়েছে।
তবে ম্যাচের পরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তাঁর গোল উদ্যাপন ঘিরে। গোল করার পর সাইডলাইনের দিকে গিয়ে নেমার হাতের ভঙ্গিতে পোকার বা তাস খেলার কায়দা দেখান। বিশ্বকাপ চলাকালীন স্যান্টস কোপা সুদামেরিকানার ম্যাচ খেললেও তিনি একটি পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। মাঠের এই উদ্যাপনের মাধ্যমে নেমার যেন বোঝাতে চাইলেন, মাঠের বাইরে সমালোচনা থাকলেও গোল করার ক্ষমতা তাঁর এখনও অটুট।
এর পর আরও একবার কর্নার ফ্ল্যাগ হাতে নিয়ে গলফ শট মারার ভঙ্গিতে উল্লাস করেন তিনি। অনেকের মতে, এই উদ্যাপনের মধ্য দিয়েই সমালোচনাকে হালকা ভাবে উড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন ব্রাজ়িলের তারকা।
২০২৬ বিশ্বকাপ নেমারের জন্য সুখস্মৃতি হয়ে থাকেনি। চোটের কারণে তিনি সব ম্যাচে পূর্ণ সময় খেলতে পারেননি। শেষ পর্যন্ত নরওয়ের কাছে শেষ ষোলোয় হেরে বিদায় নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। টুর্নামেন্টে তাঁর একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আবেগপ্রবণ নেমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও করেন।
তবে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে যে তাঁর লড়াই এখনও শেষ হয়নি, সেটাই যেন আবার প্রমাণ করলেন তিনি। জোড়া গোলের পাশাপাশি আত্মবিশ্বাসী উদ্যাপনে নেমার বুঝিয়ে দিলেন, সমালোচনার জবাব তিনি এখনও মাঠের পারফরম্যান্স দিয়েই দিতে চান।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?