বিশ্বকাপের নায়ক ভোজ়িনহার নতুন সমস্যা!
২০২৬ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নতুন ক্লাব পেয়েছেন কাবো ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজ়িনহা। তবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার পরই অদ্ভুত এক সমস্যার মুখে পড়েছেন তিনি। নতুন ক্লাবের জার্সিতে নিজের পরিচিত ডাকনাম ‘ভোজ়িনহা’ ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিশ্বকাপে ৪০ বছর বয়সী গোলরক্ষক একাধিক ম্যাচে অসাধারণ সেভ করে নজর কাড়েন। বিশেষ করে স্পেনের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত গোলকিপিং কাবো ভার্দেকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেয়। নকআউট পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়ায়। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবেই বিশ্বকাপ চলাকালীন চিলির প্রথম ডিভিশনের ক্লাব কোলো-কোলো তাঁকে দলে নেয়।
তবে ক্লাবে যোগ দেওয়ার পরই সামনে আসে নিয়মগত জটিলতা। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিলির ঘরোয়া লিগে ফুটবলারদের জার্সির পিছনে ডাকনাম ব্যবহারের অনুমতি নেই। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের নিজের আইনি নাম, পদবি অথবা নামের আদ্যক্ষর ব্যবহার করতে হয়।
ভোজ়িনহার পূর্ণ নাম জোসিমার জোস এভোরা দিয়াস। ফলে নিয়ম মেনে তাঁকে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’— এই নামগুলির কোনও একটি ব্যবহার করতে হতে পারে। লিগের নিয়ম ভঙ্গ করলে ম্যাচের শুরুতেই সংশ্লিষ্ট ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হতে পারে। পাশাপাশি ক্লাবকেও আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।
তবে কোলো-কোলো কর্তৃপক্ষ ভোজ়িনহার ক্ষেত্রে বিশেষ ছাড়ের আবেদন জানিয়েছে। তারা চিলির ফুটবল সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, যাতে গোলরক্ষক তাঁর পরিচিত ডাকনাম ‘ভোজ়িনহা’ জার্সির পিছনে ব্যবহার করতে পারেন।
চিলি ফুটবল ফেডারেশনের সভাপতি পাবলো মিলাদ জানিয়েছেন, আবেদনটি তাঁদের হাতে পৌঁছেছে এবং বিষয়টি পর্যালোচনা করে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, ভোজ়িনহার মতো আন্তর্জাতিক মানের গোলরক্ষক চিলির লিগের মান ও জনপ্রিয়তা আরও বাড়াবে।
মিলাদ বলেন, ভোজ়িনহার বয়স ৪০ হলেও মাঠে তাঁর গতিশীলতা ও প্রতিক্রিয়ার গতি দেখে তা বোঝার উপায় নেই। তাঁর বিশ্বাস, কোলো-কোলোর জন্য তিনি বড় সম্পদ হয়ে উঠবেন এবং সমর্থকেরাও তাঁর খেলা দেখতে মাঠে ভিড় জমাবেন।
এখন দেখার, চিলির ফুটবল কর্তৃপক্ষ বিশেষ অনুমতি দিয়ে ভোজ়িনহাকে তাঁর পরিচিত নামেই খেলার সুযোগ দেয় কি না, নাকি নতুন ক্লাবে তাঁকে নিজের আইনি নাম নিয়েই মাঠে নামতে হবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?