বিশ্বকাপের দল বাছলেন অশ্বিন!
২০২৭ সালের এক দিনের বিশ্বকাপকে সামনে রেখে নিজের পছন্দের ভারতীয় দল বেছে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। বরাবরের মতোই ব্যতিক্রমী ভাবনায় সাজানো তাঁর দল। কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখে যেমন চমকে দিয়েছেন, তেমনই প্রায় চার বছর ধরে এক দিনের দলে সুযোগ না পাওয়া ভুবনেশ্বর কুমারকে জায়গা দিয়ে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।
একটি ক্রিকেটভিত্তিক ইউটিউব আলোচনায় অশ্বিন সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নিজের মত প্রকাশ করেন। ক্রিকেটারদের তিনি তিনটি ভাগে ভাগ করেন— যাঁরা নিশ্চিতভাবে দলে থাকা উচিত, যাঁরা পরিস্থিতি অনুযায়ী সুযোগ পেতে পারেন এবং যাঁদের তিনি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রাখছেন না।
অশ্বিনের প্রথম তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় দলের বর্তমান গুরুত্বপূর্ণ মুখেরা। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং ভুবনেশ্বর কুমারকে তিনি বিশ্বকাপের মূল দলে দেখতে চান।
তবে সবচেয়ে বেশি চমক রয়েছে ভুবনেশ্বর কুমারকে ঘিরে। ২০২২ সালের নভেম্বরের পর থেকে ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে আর খেলেননি তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও অশ্বিনের মতে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার পিচে ভুবনেশ্বরের সুইং এবং অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ হতে পারে।
ভুবনেশ্বরকে নিয়ে অশ্বিন বলেন, তিনি সুযোগ পেলে এই পেসারের সঙ্গে আলাদা করে কাজ করতেন। তিন ফরম্যাটেই তাঁকে খেলিয়ে ম্যাচ ফিট রাখতেন এবং প্রথম শ্রেণির ক্রিকেট ও বিজয় হজারে ট্রফিতে নিয়মিত খেলিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেন। তাঁর বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে ভারতের ভুবনেশ্বরকে প্রয়োজন হতে পারে।
অশ্বিনের দ্বিতীয় তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি, ফর্ম এবং দলের প্রয়োজন অনুযায়ী সুযোগ দেওয়া যেতে পারে বলে মত তাঁর।
সবচেয়ে বড় চমক অবশ্য বাদ পড়াদের তালিকায়। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, শিবম দুবে, প্রিন্স যাদব এবং গুরনুর ব্রারের মতো ক্রিকেটারদের নিজের বিশ্বকাপ পরিকল্পনায় রাখেননি অশ্বিন।
অশ্বিনের সম্ভাব্য ২০২৭ বিশ্বকাপ দল
নিশ্চিত পছন্দ: শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, ভুবনেশ্বর কুমার।
সুযোগ পেতে পারেন: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ।
দলে নেই: ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, শিবম দুবে, প্রিন্স যাদব ও গুরনুর ব্রার।
অশ্বিনের এই বাছাই যে আলোচনা তৈরি করবে, তা বলাই বাহুল্য। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের পক্ষে তাঁর জোরালো সওয়াল এবং পন্থ-সঞ্জুর মতো পরিচিত নামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচকদের ভবিষ্যৎ ভাবনার সঙ্গে কতটা মেলে, সেটাই এখন দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?