বিশ্বকাপের টিকিটে আগুন দাম!
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা যত বাড়ছে, ততই নতুন বিতর্কে জড়িয়ে পড়ছে FIFA। এ বার বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সরাসরি তদন্ত শুরু করতে চলেছে আমেরিকার আদালত। অভিযোগ, দর্শকদের কাছ থেকে অস্বাভাবিক দাম নেওয়া হচ্ছে এবং এতে ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘিত হতে পারে।
বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে MetLife Stadium। এই স্টেডিয়ামেই হওয়ার কথা ফাইনাল। কিন্তু টিকিটের দাম এতটাই বেশি যে স্থানীয় ফুটবলপ্রেমীদের একাংশ নিজেদের শহরে বসেই বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
নিউ ইয়র্ক এবং নিউ জার্সির সরকারি আইনজীবীরা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁদের বক্তব্য, বহু বছর ধরে এই শহরের মানুষ বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখেছিলেন। অথচ এখন সেই সাধারণ দর্শকেরাই টিকিটের নাগালের বাইরে চলে যাচ্ছেন। তাই ফিফার টিকিট বিক্রির পদ্ধতি এবং মূল্য নির্ধারণ নীতি নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে।
সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ফিফার তথাকথিত “ডাইনামিক প্রাইসিং” বা চাহিদাভিত্তিক মূল্যনীতি। এই ব্যবস্থায় চাহিদা বাড়লেই টিকিটের দাম দ্রুত বেড়ে যায়। ফলে সাধারণ সমর্থকদের পক্ষে ম্যাচের টিকিট কেনা প্রায় অসম্ভব হয়ে উঠছে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল Letitia James জানিয়েছেন, স্থানীয় মানুষদের কম দামে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। তাঁর কথায়, দর্শকদের বাধ্য করে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ছাড়াও ফিফার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, টিকিট বিক্রির সময় যে স্টেডিয়াম ম্যাপ দেখানো হয়েছে, বাস্তবে অনেক ক্ষেত্রে সেই আসনের অবস্থান তার সঙ্গে মেলেনি। অর্থাৎ দর্শকেরা মাঠের কাছাকাছি আসনের জন্য বেশি টাকা দিলেও বাস্তবে অনেক দূরের সিট পেয়েছেন বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের আগে নতুন করে চাপে পড়েছে ফিফা। এক দিকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের অভিযোগ, অন্য দিকে দর্শকদের ক্ষোভ— সব মিলিয়ে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?