বিশ্বকাপের আগে গোপন প্রস্তুতিতে মেসি
ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের। তার আগেই নিজেদের সেরা ছন্দে ফিরতে মরিয়া ফুটবল তারকারা। ব্যতিক্রম নন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিয়োনেল মেসিও।
বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মেসি। শুধু নিয়মিত ক্লাব অনুশীলন নয়, তার বাইরেও বিশেষ ট্রেনিংয়ে মন দিয়েছেন তিনি। সেই তথ্যই প্রকাশ্যে আনলেন তাঁর সতীর্থ রদ্রিগো ডি পল।
এক সাক্ষাৎকারে ডি পল জানান, বিশ্বকাপের কথা মাথায় রেখে কয়েক মাস আগেই আলাদা প্রস্তুতির পরিকল্পনা করেছিলেন তাঁরা। তাঁর কথায়, “আমরা ক্লাবের নিয়মিত অনুশীলনের বাইরে আরও কিছু করতে চেয়েছিলাম। দু’-তিন মাস আগে থেকেই সেই পরিকল্পনা শুরু হয়। শারীরিক ভাবে সেরা জায়গায় থাকতে আমরা দু’জনে অতিরিক্ত পরিশ্রম করছি।”
ডি পল আরও বলেন, “আমরা নিজেরাই দিনে দু’বার অনুশীলনের ইচ্ছা প্রকাশ করেছিলাম। এখন সেই ভাবেই প্রস্তুতি চলছে। কোচও আমাদের সাহায্য করছেন। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”
মেসির প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে ডি পল মুচকি হেসে বলেন, “মেসি গোপনে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।”
বর্তমানে মেজর লিগ সকারেও দুরন্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। Inter Miami CF-এর হয়ে নিয়মিত গোল করছেন তিনি। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৬টি গোল করিয়েছেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে লিগ তালিকায়ও ভাল জায়গায় রয়েছে মায়ামি। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।
৩৮ বছর বয়সেও মেসির ফিটনেস এবং খেলার প্রতি একাগ্রতা দেখে মুগ্ধ ফুটবলবিশ্ব। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেওয়ার পর এ বারও সমর্থকদের আশা, অধিনায়কের জাদুতে আরও একবার ইতিহাস গড়তে পারে আলবিসেলেস্তেরা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা