বিনেশকে ট্রায়ালে সুযোগ!
Vinesh Phogat-কে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে Delhi High Court। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেত্রী ও প্রাক্তন কুস্তিগির Babita Phogat। সম্পর্কে তিনি বিনেশের খুড়তুতো বোন।
সংবাদমাধ্যমকে ববিতা বলেন, “আদালতের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আদালত যা বলেছে, তা সঠিক। আদালতের উপরে কেউ নয়, তাই সকলের উচিত এই রায় মেনে নেওয়া।”
এই মন্তব্য রাজনৈতিক এবং ক্রীড়া মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, Brij Bhushan Sharan Singh-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনে সামনের সারিতে ছিলেন বিনেশ। অভিযোগকারীদের মধ্যে তিনিও ছিলেন বলে পরে জানান। সেই ঘটনার পর থেকেই জাতীয় কুস্তি সংস্থা ও বিনেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
সম্প্রতি জাতীয় কুস্তি সংস্থা জানিয়ে দেয়, বিনেশ এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবেন না। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি। শেষ পর্যন্ত দিল্লি হাই কোর্ট তাঁর পক্ষে রায় দেয়।
বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, খেলাধুলা এবং ন্যায়বিচারের স্বার্থে বিনেশকে ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ, সন্তান জন্মদানের কারণে কিছু সময় প্রতিযোগিতার বাইরে থাকতে হয়েছিল বিনেশকে। পাশাপাশি কুস্তি সংস্থার নতুন নিয়মও তাঁর বিরুদ্ধে গিয়েছে। এই দুই পরিস্থিতিই তাঁর নিয়ন্ত্রণে ছিল না।
আদালত আরও জানায়, বিনেশের মতো অভিজ্ঞ ও সফল কুস্তিগিরের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখানো যেতেই পারে। এশিয়ান ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এক ক্রীড়াবিদকে ট্রায়ালে সুযোগ না দেওয়া দেশের পক্ষেও অসম্মানের হতে পারে বলে মন্তব্য করেন বিচারপতিরা।
রায়ে আরও নির্দেশ দেওয়া হয়েছে, পুরো ট্রায়ালের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দু’জন নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাবে এবং তাঁরা ট্রায়ালের উপর রিপোর্ট জমা দেবেন আদালতে।
এই সিদ্ধান্তের পর বিনেশের আন্তর্জাতিক মঞ্চে ফেরার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হল বলেই মনে করছেন ক্রীড়া মহল।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা