বালোগুন পেলেন ছাড়!
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই নতুন বিতর্কে জড়াল ফিফা। একই ধরনের অপরাধে মার্কিন ফুটবলার ফোলারিন বালোগুনকে ছাড় দেওয়া হলেও ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করায় ক্ষোভ ছড়িয়েছে ফুটবলমহলে। ফিফার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন প্রাক্তন রেফারিরাও।
এর ফলে নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল কোয়ানসাকে পাবেন না। দল সেমিফাইনালে উঠলেও তিনি খেলতে পারবেন না। অথচ যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পরেও শাস্তি স্থগিত থাকায় বেলজিয়ামের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।
কোয়ানসা রাউন্ড অফ ১৬-তে মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর ফাউলের জন্য প্রথমে রেফারির হলুদ কার্ড দেখেছিলেন। পরে ভিএআরের পরামর্শে সিদ্ধান্ত বদলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। এরপর ফিফার শৃঙ্খলা কমিটি তাঁকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই।
ফিফার এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন সুইডেনের প্রাক্তন ফিফা রেফারি জোনাস এরিকসন। তাঁর মতে, একই ধরনের ঘটনার ক্ষেত্রে আলাদা শাস্তি ফুটবলের ন্যায্যতার ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। তিনি বলেন, ধারাবাহিকতা বজায় রাখা রেফারিংয়ের অন্যতম ভিত্তি। একই অপরাধে দুই ফুটবলারের জন্য ভিন্ন সিদ্ধান্ত কেন নেওয়া হল, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
আরও কড়া ভাষায় সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন প্রিমিয়ার লিগ রেফারি কিথ হ্যাকেট। সমাজমাধ্যমে তিনি দাবি করেন, বালোগুনের শাস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর বক্তব্য, দু’জনই গুরুতর ফাউল করেছিলেন এবং দু’জনের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত ছিল।
তবে এই বিতর্কে বেশি সময় নষ্ট করতে চাইছে না ইংল্যান্ড শিবির। কোয়ানসাকে ছাড়াই নরওয়ের বিরুদ্ধে দল সাজানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন টমাস টুখেল।
দলের তারকা ফুটবলার বুকায়ো সাকা বলেন, কোয়ানসার অনুপস্থিতি অবশ্যই হতাশাজনক। কিন্তু এখন পরিস্থিতি মেনে নিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য। একই সুর শোনা গিয়েছে নিকো ও’রেইলির গলাতেও। তাঁর কথায়, আপিলের সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক হলেও দল কোয়ানসার জন্যই লড়বে।
বিশ্বকাপের মতো মঞ্চে রেফারিং এবং শাস্তি নিয়ে বিতর্ক নতুন নয়। তবে একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এবার ফিফার স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?