অভিনয় ও প্রযোজনায় চমক দিতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
দীর্ঘ ফুটবল কেরিয়ারের শেষ পর্বে এসে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৬ বিশ্বকাপের পর ভবিষ্যতে পর্তুগালের জার্সিতে তাঁকে আর কত দিন দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। এমন সময় মাঠের বাইরেও নিজের নতুন পরিচয় গড়ে তুলতে শুরু করেছেন সিআর৭। এবার হলিউডের একটি ওয়েব সিরিজ়ে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।
জানা গিয়েছে, ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে তৈরি হতে চলা একটি ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোনাল্ডো। সিরিজ়টির একটি বড় অংশ জুড়ে থাকবে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর খেলোয়াড়ি জীবনের নানা অধ্যায়। পাশাপাশি আর্সেনালের প্রাক্তন কিংবদন্তি থিয়েরি অঁরিও এই প্রজেক্টের অংশ থাকবেন বলে জানা গেছে।
তবে শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না রোনাল্ডো। সম্প্রতি নিজের প্রোডাকশন হাউস গড়েছেন তিনি, আর সেই সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে এই সিরিজ়। অর্থাৎ ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি পর্দার পিছনেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন পর্তুগিজ মহাতারকা।
নতুন এই যাত্রা নিয়ে রোনাল্ডো নিজেও উচ্ছ্বসিত। তাঁর কথায়, জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। ফুটবলের বাইরেও নতুন কিছু তৈরি করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের, আর এই সিরিজ় সেই স্বপ্ন পূরণের প্রথম বড় পদক্ষেপ। দর্শকদেরও এই কাজ ভালো লাগবে বলে আশাবাদী তিনি।
৪১ বছর বয়সী রোনাল্ডো এখনও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনটি গোল করলেও নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাঁকে। শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যায় তাঁর।
যদিও এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি রোনাল্ডো। তবে মাঠের সাফল্যের পাশাপাশি বিনোদন জগতেও নিজের ছাপ ফেলতে তিনি যে প্রস্তুত, তা স্পষ্ট। ফুটবল, ব্যবসা এবং এখন অভিনয়-প্রযোজনা— সব মিলিয়ে জীবনের দ্বিতীয় ইনিংসকে আরও বৈচিত্র্যময় করে তুলছেন বিশ্বের অন্যতম সফল ফুটবলার। এখন দেখার, রূপালি পর্দাতেও তিনি মাঠের মতোই দর্শকদের মন জয় করতে পারেন কি না।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?