ফিফার র্যাঙ্কিংয়ে মেসিকে টপকে বেলিংহ্যাম!
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে ব্যক্তিগত লড়াইয়েও ধাক্কা খেলেন লিয়োনেল মেসি। ফিফার নতুন লাইভ পাওয়ার র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা অধিনায়ককে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ফলে বুধবার গভীর রাতে ভারতীয় সময় ১২.৩০-এ শুরু হতে চলা সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই তারকা।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচভিত্তিক পারফরম্যান্সের উপর নির্ভর করে পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করছে ফিফা। ফুটবলারদের আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ— এই তিন বিভাগে নম্বর দেওয়া হচ্ছে। গোলরক্ষকদের ক্ষেত্রে গোল বাঁচানোর দক্ষতাও মূল্যায়নের অন্তর্ভুক্ত।
কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন মেসি। তবে নকআউট পর্বে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বেলিংহ্যাম এক লাফে ষষ্ঠ স্থান থেকে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আক্রমণে তিনি পেয়েছেন ৮.২৫, সৃজনশীলতায় ৬.৪৩ এবং রক্ষণে ৫.৬৭। অন্যদিকে মেসির স্কোর— আক্রমণে ৮.০৭, সৃজনশীলতায় ৭.৪১ এবং রক্ষণে ৪.৯০।
এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। আক্রমণে ৮.৯৭, সৃজনশীলতায় ৭.৬৫ এবং রক্ষণে ৪.৪৭ নম্বর পেয়ে তিনি সবার উপরে অবস্থান করছেন। ফলে প্রথম তিনটি স্থানই দখল করে রেখেছেন সেমিফাইনালে ওঠা তিন দলের তিন মহাতারকা— এমবাপে, বেলিংহ্যাম এবং মেসি। স্পেনের কোনও ফুটবলার অবশ্য এখনও প্রথম দশে জায়গা করে নিতে পারেননি।
পরিসংখ্যানের দিকে তাকালে এখনও এগিয়ে রয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে তিনি ইতিমধ্যেই ৮টি গোল করেছেন এবং ২টি গোলে সহায়তা করেছেন। অন্যদিকে বেলিংহ্যামের গোলসংখ্যা ৬ হলেও শেষ দুই নকআউট ম্যাচে তাঁর চারটি গোলই ইংল্যান্ডকে মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে জয় এনে দিয়েছে। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে র্যাঙ্কিংয়ে মেসির উপরে তুলে দিয়েছে।
এখন নজর সেমিফাইনালের দিকে। ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের লড়াই ভুলে দুই তারকার মূল লক্ষ্য থাকবে দলকে ফাইনালে পৌঁছে দেওয়া। ফুটবলপ্রেমীদের কাছে তাই ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণ শুধু দুই দলের নয়, বেলিংহ্যাম ও মেসির ব্যক্তিগত দ্বৈরথও হয়ে উঠতে চলেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?