প্রেম-অ্যাকশনের পর এ বার ভূতের গল্পে বরুণ ধবন
বলিউডে হরর ছবির জনপ্রিয়তা নতুন করে বাড়ছে। এ বার সেই ঘরানায় পা রাখতে চলেছে যশরাজ ফিল্মসও। আর প্রযোজনা সংস্থার প্রথম হরর ছবির মুখ হিসাবে দেখা যেতে পারে বরুণ ধবনকে। সূত্রের খবর, অভয় পন্নু পরিচালিত এই ছবির জন্য ইতিমধ্যেই অভিনেতাকে চূড়ান্ত করা হয়েছে।
ভৌতিক গল্পে বরুণ অবশ্য একেবারে নতুন নন। এর আগে ‘ভেড়িয়া’ ছবিতে হরর-কমেডি ঘরানায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে যশরাজের নতুন ছবিটি সেই ছবির থেকে আলাদা হতে চলেছে বলেই খবর। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দীর্ঘ আট বছর পর ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করবেন বরুণ।
এর আগে ২০১৮ সালে ‘সুই ধাগা’ ছবিতে যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা। সেই ছবির পর ফের সংস্থার সঙ্গে তাঁর জুটি বাঁধার খবরে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন ছবির গল্প, চরিত্র কিংবা বরুণের লুক নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ছবিটি প্রযোজনা করছেন যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি। সম্প্রতি ‘সইয়ারা’-র সাফল্যের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে। এ বার তাঁর প্রযোজনাতেই যশরাজের হরর ঘরানায় নতুন যাত্রা শুরু হতে চলেছে।
পরিচালক অভয় পন্নুর জন্যও ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি ‘রকেট বয়েজ়’-এর মাধ্যমে তিনি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। সেই সাফল্যের পর বড়পর্দায় তাঁর প্রথম পরিচালিত ছবি হতে চলেছে এটি। ফলে হরর-থ্রিলার ঘরানায় তাঁর সিনেম্যাটিক উপস্থাপন কেমন হয়, তা নিয়েও আগ্রহ রয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও ছবির নাম আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। বরুণের বিপরীতে কে অভিনয় করবেন, সেই বিষয়েও কোনও ঘোষণা নেই।
যশরাজ ফিল্মসের ইতিহাসে এই ছবির গুরুত্বও কম নয়। প্রায় পাঁচ দশকের পথচলায় সংস্থাটি বার বার ঘরানা বদলে দর্শকদের চমকে দিয়েছে। ‘কভী কভী’, ‘কালা পত্থর’ ও ‘সিলসিলা’-র মতো ছবির মাধ্যমে প্রেম ও পারিবারিক গল্পে নিজেদের জায়গা তৈরি করার পর ‘ধুম’ সিরিজ়ের হাত ধরে অ্যাকশন ঘরানাতেও বড়সড় সাফল্য পেয়েছে তারা। পরে তৈরি হয়েছে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি।
এ বার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে হরর। আর প্রথম ছবির কেন্দ্রে যদি সত্যিই বরুণ ধবন থাকেন, তা হলে যশরাজের নতুন এই ঘরানার যাত্রা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।