প্রেমের সম্পর্ক ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল?
কেতন অগ্রবাল হত্যা মামলার তদন্তে সামনে আসছে একের পর এক নতুন প্রশ্ন। শুধু প্রেমের সম্পর্কই নয়, সেই সম্পর্ক প্রকাশ্যে এনে ব্ল্যাকমেল করা হয়েছিল কি না, তাও এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানতে চাইছে, অভিযুক্ত চেতন চৌধরী কি সিয়া অগ্রবালকে সম্পর্ক ফাঁসের ভয় দেখিয়ে নিজের পরিকল্পনায় শামিল করেছিলেন?
তদন্তকারী সূত্রের দাবি, চেতন ও সিয়ার মধ্যে হওয়া ফোনালাপ, হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি কিংবা অন্যান্য ডিজিটাল তথ্য সংরক্ষণ করে রাখা হয়েছিল কি না, তা খুঁটিয়ে দেখা হচ্ছে। যদি এমন কোনও তথ্য থেকে থাকে, তবে সেগুলিকে হাতিয়ার করে সিয়াকে চাপ দেওয়া হয়েছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ইতিমধ্যেই চেতনের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ আরও খতিয়ে দেখছে, মে মাসে কেতনকে খুনের যে প্রথম চেষ্টা হয়েছিল বলে অভিযোগ, সেই পরিকল্পনার সঙ্গেও চেতনের কোনও যোগ ছিল কি না। তদন্তকারীদের জেরায় চেতন দাবি করেছেন, তিনি নাকি সিয়াকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু যদি সেটাই উদ্দেশ্য হয়ে থাকে, তবে পরে কেন কেতনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হল— সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
তদন্তে আর্থিক লেনদেনের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পুলিশ জানতে চাইছে, সিয়ার মাধ্যমে ভবিষ্যতে অগ্রবাল পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের কোনও পরিকল্পনা ছিল কি না। সেই কারণেই সিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের সন্দেহ, কেতনের উপর নজরদারি, লোহাগড় দুর্গে যাতায়াত কিংবা অন্যান্য খরচের জন্য চেতনকে গোপনে টাকা পাঠানো হয়েছিল কি না। বিশেষ করে ১৮ জুনের আগে সিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এ ছাড়াও পুলিশ খোঁজ নিচ্ছে, চেতন কি সিয়ার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন, অথবা কেতনকে জীবন থেকে সরিয়ে দিতে পারলে মাসিক আর্থিক সাহায্যের কোনও প্রতিশ্রুতি পেয়েছিলেন কি না। এই সম্ভাবনাগুলিও তদন্তের আওতায় রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন লোনাভালার লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে কেতন অগ্রবালের মৃত্যু হয়। অভিযোগ, তাঁকে দুর্গের উঁচু অংশ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় কেতনের বাগদত্তা সিয়া অগ্রবাল এবং তাঁর প্রেমিক চেতন চৌধরীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ডিজিটাল তথ্য, আর্থিক লেনদেন এবং অভিযুক্তদের বয়ান মিলিয়ে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও ষড়যন্ত্রের পূর্ণ চিত্র সামনে আনার চেষ্টা চলছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?