রোনাল্ডো-জর্জিনার দীর্ঘ প্রেমকাহিনিতে জড়িয়ে কত রং
অবশেষে দীর্ঘ দিনের প্রেমে পরিণতি পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ়ের সম্পর্ক। আংটি পরা হাতের ছবি প্রকাশ করে বিয়ের খবর নিজেই জানান পর্তুগিজ তারকা। বিশ্বকাপের পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে চলা জল্পনারও অবসান ঘটে।
২০১৬ সালে মাদ্রিদের একটি নামী সংস্থার দোকানে প্রথম দেখা রোনাল্ডো ও জর্জিনার। সেই সময় রোনাল্ডো ছিলেন রিয়্যাল মাদ্রিদের তারকা ফুটবলার। জর্জিনা ওই দোকানে সহকারীর কাজ করতেন। পাশাপাশি নাচ ও মডেলিংও করতেন তিনি। জর্জিনার দাবি, প্রথম দেখাতেই দু’জনের মধ্যে প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল।
এর কিছু দিন পর একটি অনুষ্ঠানে ফের দেখা হয় তাঁদের। সেখানেই কর্মক্ষেত্রের বাইরে একে অপরকে আরও ভাল করে জানার সুযোগ পান তাঁরা। ২০১৬ সালের শেষ দিকে তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসতে শুরু করে। প্যারিসের ডিজ়নিল্যান্ডে একসঙ্গে দেখা যাওয়ার পর আর সম্পর্ক গোপন থাকেনি।
২০১৭ সালে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’-এর লাল গালিচায় জর্জিনাকে সঙ্গে নিয়ে হাজির হন রোনাল্ডো। তার পর থেকেই দু’জনের সম্পর্ক আরও দৃঢ় হয়। রোনাল্ডোর ম্যাচে নিয়মিত গ্যালারিতে দেখা যেতে থাকে জর্জিনাকে। একই সঙ্গে রোনাল্ডোর সন্তানদেরও নিজের পরিবারের অংশ করে নেন তিনি।
রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের পর জর্জিনার নিজের কেরিয়ারও নতুন মাত্রা পায়। মডেলিংয়ের পাশাপাশি নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ রিয়্যালিটি শো এবং বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি তাঁকে আলাদা পরিচিতি দেয়।
তাঁদের প্রেমজীবনে ব্যক্তিগত মুহূর্ত নিয়েও জর্জিনা বিভিন্ন সময়ে কথা বলেছেন। এক সাক্ষাৎকারে সমুদ্রভ্রমণের একটি ঘনিষ্ঠ ঘটনার কথা জানান তিনি। সমুদ্রের জলে নামতে না চাওয়ায় দু’জনে কাছেই থাকা একটি ফাঁকা জাহাজে গিয়ে ব্যক্তিগত সময় কাটিয়েছিলেন— এমনই দাবি করেছিলেন জর্জিনা।
রোনাল্ডোর পরিবারেও জর্জিনার গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয়। তাঁর তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা ও মাতিয়োর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে জর্জিনার। ২০১৭ সালে তাঁদের প্রথম সন্তান আলানা মার্তিনার জন্ম হয়। ২০২২ সালে যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা। সেই সময় পুত্রসন্তানকে হারালেও কন্যা বেলা এসমেরালদা বেঁচে যায়।
রোনাল্ডোর ফুটবলজীবনের সঙ্গে তাল মিলিয়েই বদলেছে তাঁদের সংসারের ঠিকানাও— মাদ্রিদ থেকে তুরিন, পরে ম্যাঞ্চেস্টার এবং বর্তমানে সৌদি আরবের রিয়াধ। দীর্ঘ সম্পর্কের পর এ বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অগস্টের শুরুতেই বিয়ে করেছেন রোনাল্ডো ও জর্জিনা। দীর্ঘ দিনের প্রেমের এই নতুন অধ্যায় এখন কতটা রঙিন হয়, সে দিকেই তাকিয়ে তাঁদের অনুরাগীরা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।