এশিয়ান গেমসের ট্রায়ালেই সুযোগ পাচ্ছেন না বিনেশ!
দীর্ঘ ১৮ মাস পরে আবার কুস্তির ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন Vinesh Phogat। লক্ষ্য ছিল চলতি বছরের এশিয়ান গেমসে অংশ নেওয়া। কিন্তু সেই স্বপ্নে আপাতত বড় ধাক্কা দিল ভারতীয় কুস্তি সংস্থার নিয়ম। ট্রায়ালেই অংশ নিতে পারবেন না তিনি।
ভারতীয় কুস্তি সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমসের ট্রায়ালে খেলতে হলে আগে জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই সুযোগ পাবেন শুধুমাত্র ২০২৫ সালের জাতীয় কুস্তি প্রতিযোগিতা, ২০২৬ সালের ফেডারেশন কাপ অথবা অনূর্ধ্ব-২০ জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ীরা। ২০২৫ সালের আগের সাফল্যকে আর বিবেচনা করা হচ্ছে না। এই নিয়মের কারণেই বাদ পড়েছেন বিনেশ।
ফলে এশিয়ান গেমস বা কমনওয়েলথে সোনাজয়ী এই কুস্তিগিরের প্রত্যাবর্তন আরও পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
ডোপ টেস্ট নিয়েও বিতর্ক
কয়েক দিন আগেই ডোপ পরীক্ষা সংক্রান্ত একটি ঘটনায় সতর্কবার্তা পেয়েছিলেন বিনেশ। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (ITA)-র দাবি, গত বছরের ১৮ ডিসেম্বর নির্ধারিত সময়ে তাঁকে ডোপ পরীক্ষার জন্য পাওয়া যায়নি।
নিয়ম অনুযায়ী, আরটিপি তালিকাভুক্ত ক্রীড়াবিদদের প্রতিদিন একটি নির্দিষ্ট ৬০ মিনিটের সময় জানিয়ে রাখতে হয়, যখন তাঁরা পরীক্ষার জন্য উপলব্ধ থাকবেন। সেই সময় ক্রীড়াবিদকে না পেলে তা নথিভুক্ত করা হয়।
বিনেশ পরে জানান, তিনি তখন হরিয়ানা বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে চণ্ডীগড়ে ছিলেন এবং ব্যক্তিগত কারণেও বাড়ি ফিরতে হয়েছিল। কিন্তু আইটিএ তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। সংস্থা স্পষ্ট জানিয়েছে, একজন ক্রীড়াবিদ কোথায় রয়েছেন, তা জানানো তাঁর দায়িত্ব। একই ধরনের ঘটনা আবার ঘটলে নির্বাসনের মুখেও পড়তে পারেন তিনি।
ব্রিজভূষণের এলাকায় প্রতিযোগিতা নিয়ে ক্ষোভ
আরও একটি বিষয় নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন বিনেশ। জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতা হওয়ার কথা Gonda-তে, যা Brij Bhushan Sharan Singh-এর প্রভাব বলয়ের মধ্যে পড়ে।
উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে যাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন বিনেশ, তাঁদের অন্যতম ছিলেন ব্রিজভূষণ। সেই কারণেই প্রতিযোগিতার স্থান নিয়ে মানসিক চাপে থাকার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর আশঙ্কা ছিল, ম্যাচ পরিচালনা থেকে স্কোরিং— সব ক্ষেত্রেই পক্ষপাতের সম্ভাবনা থাকতে পারে।
সব মিলিয়ে, কুস্তিতে ফেরার পথটা এখন আরও কঠিন হয়ে উঠল বিনেশের জন্য।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা