ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সিজেপি-র সাফল্য!
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। অবশেষে আন্দোলনের চাপের মুখে শিক্ষামন্ত্রীর ইস্তফার পর দেশজুড়ে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং বলিউডের একাংশও। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ খান।
আন্দোলনের শুরু থেকেই বলিউডের বড় অংশ নীরব ছিল। প্রকাশ রাজ, সোনাক্ষী সিন্হা-সহ হাতে গোনা কয়েক জন তারকা প্রথম থেকেই সমর্থনের কথা বলেছিলেন। পরে সংসদ অভিযানের পর আন্দোলন আরও জোরদার হলে সলমন খান, আলিয়া ভট্ট-সহ আরও কয়েক জন শিল্পী প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়ান। কিন্তু শাহরুখ খান কিংবা আমির খান এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি।
এরই মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের পরিবারের একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানাকে নিয়ে বিদেশের রাস্তায় সময় কাটাচ্ছেন তিনি। সূত্রের দাবি, বর্তমানে লন্ডনে রয়েছেন শাহরুখ। মূলত তাঁর আগামী ছবি ‘কিং’-এর শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা।
একই সময়ে লন্ডনে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের উপস্থিতিও নজরে এসেছে। জানা গিয়েছে, ‘কিং’ ছবিতে গুরুত্বপূর্ণ খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। ফলে ছবির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এখন ব্রিটেনেই চলছে বলে মনে করা হচ্ছে।
২০২১ সালের পর থেকে রাজনৈতিক বা সামাজিক নানা ইস্যুতে প্রকাশ্যে খুব কমই মত প্রকাশ করেছেন শাহরুখ। তার আগে বিভিন্ন বিষয়ে তাঁর মন্তব্য আলোচনায় এলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি অনেকটাই সংযত থেকেছেন। ফলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সিজেপি-র আন্দোলন নিয়ে তাঁর নীরবতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের ২ নভেম্বর নিজের জন্মদিনেই শাহরুখ ‘কিং’ ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন। সেই টিজারে নতুন লুক, থিম মিউজ়িক এবং সংলাপ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ় এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।
‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম পূর্ণাঙ্গ স্ক্রিন শেয়ার। শোনা যাচ্ছে, ছবিতে শাহরুখকে দেখা যাবে অপরাধজগতের এক অভিজ্ঞ ঘাতকের চরিত্রে। অন্যদিকে সুহানা অভিনয় করছেন তাঁর শিষ্যের ভূমিকায়, যিনি এক বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, অরশদ ওয়ারসি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল। ছবিটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। এদিকে সিজেপি-র আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও, শাহরুখের সমস্ত মনোযোগ আপাতত ‘কিং’-এর শুটিংয়েই রয়েছে বলেই মনে করা হচ্ছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?