দ্রাবিড়-পুত্র অন্বয়ের বড় সুযোগ!
ভারতীয় ক্রিকেটে আরও এক বার শোনা গেল দ্রাবিড় পরিবারের নাম। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় আবারও সুযোগ পেল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছে ১৭ বছরের এই তরুণ ক্রিকেটার।
আগামী ৪ জুলাই থেকে শুরু হতে চলা এই সফরে ভারতীয় দল তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি মাল্টি-ডে ম্যাচ খেলবে। নির্বাচক কমিটির চেয়ারম্যান এস শরতের নেতৃত্বে ঘোষিত দলে সাদা বলের ক্রিকেটের জন্য অন্বয়কে বেছে নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-১৯ স্তরে এটি তাঁর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
অন্বয়ের বয়স এখনও খুবই কম। ফলে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাঁকে একটি ত্রিদেশীয় সিরিজে সুযোগ দেওয়া হলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ মেলেনি। শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল দলেও জায়গা হয়নি তাঁর। তবে সেই সময় থেকেই ক্রিকেট মহলে ধারণা ছিল, পরবর্তী বিশ্বকাপ চক্রে অন্বয়কে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে।
বর্তমান নির্বাচন সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে। ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারলে আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন তিনি।
ঘরোয়া ক্রিকেটেও ইতিমধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে অন্বয়। গত বছরের বিনু মাঁকড় ট্রফিতে কর্নাটক দলের নেতৃত্ব দিয়েছিল সে। দলের হয়ে ছয়টি ম্যাচে মোট ২২০ রান করে নজর কেড়েছিল তরুণ ব্যাটার। একটি ম্যাচে ৮২ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছিল, পাশাপাশি আরও একটি অর্ধশতরানও ছিল তাঁর ঝুলিতে। কর্নাটক কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদের কাছে হারলেও অন্বয়ের পারফরম্যান্স নির্বাচকদের নজর এড়ায়নি।
দলের নেতৃত্বের দায়িত্ব এবার দেওয়া হয়েছে যশবর্ধন সিংহ চৌহানকে। সাদা বল ও দীর্ঘ ফরম্যাট— দুই দলেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, দ্রাবিড় পরিবারের আর এক সদস্যও আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড় জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন। তবে চোটের কারণে তিনি সেই সিরিজে খেলতে পারেননি এবং পরে আর জাতীয় দলে সুযোগ পাননি।
এ বার পরিবারের ছোট ছেলে অন্বয় সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। সামনে শ্রীলঙ্কা সফর। ভালো পারফরম্যান্স করতে পারলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের তালিকায় অন্বয়ের নাম আরও জোরালোভাবে উঠে আসবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?