দক্ষিণবঙ্গের ছয় জেলায় ফের ঝড়বৃষ্টির সতর্কতা!
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে ফের বাড়ছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা থাকবে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ওই দু’দিন আপাতত সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিম মেদিনীপুরেও শুক্র এবং শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
আবহাওয়া খারাপ থাকার কারণে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলে ১.১ থেকে ১.৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। সোমবার থেকে অবশ্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সোমবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সতর্কতা থাকবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতেও উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি ও ঝড় চলতে পারে, যদিও আপাতত বড় ধরনের দুর্যোগের সতর্কতা নেই।
কলকাতার আবহাওয়া
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো কলকাতাতেও আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকতে পারে। নতুন নিম্নচাপের প্রভাবে শহরে মাঝেমধ্যে দমকা হাওয়া এবং বৃষ্টির দাপট বাড়তে পারে। ফলে সপ্তাহের শুরুতে কলকাতাবাসীকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।