দই ছাড়াও সুস্থ পেটের গোপন চাবিকাঠি!!
পেটের একটু গোলমাল হলেই আমাদের অনেকের প্রথম ভরসা এক বাটি টক দই। ছোটবেলা থেকে গুরুজনদের মুখে শোনা— দই খেলেই সব ঠিক। কথাটা একেবারেই ভুল নয়। প্রোবায়োটিকে ভরপুর টক দই অন্ত্রের ভাল ব্যাক্টেরিয়াকে শক্তিশালী করে। কিন্তু আজকের দিনে সমস্যাটা অন্য জায়গায়। একটু সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক, সঙ্গে কার্বোনেটেড পানীয় আর প্রক্রিয়াজাত খাবারের দৌরাত্ম্য— সব মিলিয়ে অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে দ্রুত।
এই জায়গাতেই প্রোবায়োটিকের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রোবায়োটিক হল সেই উপকারী ব্যাক্টেরিয়া, যারা অন্ত্রের ভিতর ক্ষতিকর জীবাণুর সঙ্গে লড়াই করে হজম ভালো রাখে, গ্যাস-অম্বল কমায়, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। দই অবশ্যই ভাল উৎস, কিন্তু দই ছাড়াও এমন কিছু খাবার আছে, যেগুলো এক বাটি দইকে দিব্যি টক্কর দিতে পারে। চলুন, সেগুলোর কথাই জেনে নেওয়া যাক।
১. কাঞ্জি
উত্তর ভারতের পরিচিত এই ফার্মেন্টেড পানীয় এখন আবার জনপ্রিয় হচ্ছে। বিট, কালো সর্ষে আর জল দিয়ে বানানো কাঞ্জিতে থাকে উদ্ভিজ্জ প্রোবায়োটিক। যাঁদের দুধ বা দুগ্ধজাত খাবার সহ্য হয় না, তাঁদের জন্য কাঞ্জি দইয়ের দারুণ বিকল্প। হালকা টক স্বাদের এই পানীয় হজমে সাহায্য করে এবং শরীরকে ভিতর থেকে ডিটক্স করে।
২. ঘরে বানানো আচার
আম, লেবু, লঙ্কা বা কাঁচা সব্জি দিয়ে বানানো আচার শুধু স্বাদই বাড়ায় না, পেটের পক্ষেও উপকারী। নুন, তেল আর সময়— এই তিনে ভর করে তৈরি আচার প্রাকৃতিকভাবে ফার্মেন্টেড হয় এবং প্রোবায়োটিক হিসেবে কাজ করে। তবে ভিনিগার দিয়ে বানানো আচার এই তালিকায় পড়ে না। খাওয়ার পাতে এক চামচ ঘরে বানানো আচারই যথেষ্ট।
৩. কিমচি
কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার কিমচি এখন সারা বিশ্বেই জনপ্রিয়। বাঁধাকপি, মুলো, রসুন-সহ নানা সব্জি মজিয়ে তৈরি হয় এই খাবার। প্রোবায়োটিকে ভরপুর কিমচি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং যে কোনও খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবেও দারুণ মানিয়ে যায়।
৪. কেফির
কেফির অনেকটা দই বা ইয়োগার্টের মতো হলেও এতে প্রোবায়োটিকের বৈচিত্র্য অনেক বেশি। দুধ ফার্মেন্ট করে তৈরি করা এই পানীয় খুব বেশি ঘন হয় না, তাই স্মুদি হিসেবে খাওয়ার চল আছে। হজমের সমস্যা, গ্যাস বা ফোলাভাব কমাতে কেফির বেশ কার্যকর।
৫. মিসো
জাপানের ঐতিহ্যবাহী এই খাবার সয়াবিন পেস্ট ফার্মেন্ট করে তৈরি করা হয়। মিসো শুধু অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে না, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হৃদ্যন্ত্রের যত্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। হালকা গরম জলে মিসো মিশিয়ে স্যুপ হিসেবে খাওয়াই সবচেয়ে জনপ্রিয়।
সব মিলিয়ে কথা একটাই— দই অবশ্যই ভালো, কিন্তু প্রতিদিন একই খাবারে আটকে থাকলে চলবে না। পেটকে সুস্থ রাখতে চাই বৈচিত্র্য। তাই দইয়ের পাশাপাশি এই প্রোবায়োটিক খাবারগুলোও রোজকার খাদ্যতালিকায় জায়গা করে দিন। পেট ভালো থাকলে, শরীর-মন— দুটোই হাসিখুশি থাকবে। 😊
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই