গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি আমির!
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আবার শিরোনামে— তবে ছবির জন্য নয়, ব্যক্তিগত জীবনের নতুন মোড় ঘিরে। প্রায় এক বছর ধরে গুঞ্জন চলছিল, এ বার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন আমির খান নিজেই। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক যে গভীর এবং দায়বদ্ধতার জায়গায় পৌঁছেছে, তা স্পষ্ট করে দিলেন অভিনেতা। তৃতীয় বিয়ের পথে কি সত্যিই হাঁটছেন আমির? তাঁর কথাতেই মিলছে ইঙ্গিত।
২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের কথা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন আমির। তার আগে দীর্ঘদিন রিনা দত্তের সঙ্গে সংসার করেছিলেন তিনি। বিচ্ছেদের পর একাধিকবার আমিরের নাম জড়িয়েছে নানা সম্পর্কে, যদিও সেগুলি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। তবে নিজের ৬০তম জন্মদিনে হঠাৎ করেই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন আমির। তখন থেকেই জল্পনা— এই সম্পর্ক কি বিয়ের দিকে এগোচ্ছে?
সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই জল্পনাতেই যেন জল ঢাললেন না, বরং আরও উসকে দিলেন আমির। গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অভিনেতা বলেন, “গৌরী আর আমি দু’জনেই এই সম্পর্ককে খুব গুরুত্ব দিই। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সঙ্গী, একসঙ্গেই আছি। সত্যি বলতে কী, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।”
তবে আইনি বা সামাজিক রীতিনীতি নিয়ে এখনই চূড়ান্ত কিছু জানাতে নারাজ আমির। তাঁর কথায়, “যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো জানাব। আমাদের সম্পর্ক আরও একটু এগোক।” এই বক্তব্য থেকেই স্পষ্ট— বিয়ের ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।
বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের বয়স ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্য দিকে, আমির সম্প্রতি ৬১ বছরে পা রেখেছেন। বয়সের ব্যবধান ১৪ বছর হলেও, তা যে তাঁদের সম্পর্কে কোনও বাধা নয়, সেটাই বোঝা যাচ্ছে। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একসঙ্গে থাকছেন তাঁরা।
উল্লেখ্য, কয়েক মাস আগেও আমির জানিয়েছিলেন, একসঙ্গে থাকলেও বিয়ে করা হয়তো জরুরি নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলেছে বলেই মনে করছেন অনেকে। গৌরীর প্রতি দায়বদ্ধতার কথা প্রকাশ্যে স্বীকার করে নেওয়াই তার প্রমাণ।
সব মিলিয়ে, আমিরের জীবনে হয়তো আবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তৃতীয়বার বিয়ের পথে তিনি আদৌ হাঁটবেন কি না, তা সময়ই বলবে। তবে আপাতত অভিনেতার কথায় একটাই বার্তা স্পষ্ট— এই সম্পর্ক তাঁর কাছে হালকা কিছু নয়। মন থেকে তিনি ইতিমধ্যেই গৌরীর জীবনসঙ্গী।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা