হায়দরাবাদের আচরণে হতাশ David Warner!
Sunrisers Hyderabad-কে প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র আইপিএল ট্রফি এনে দিয়েছিলেন তিনি। অথচ সেই অধিনায়ককেই নাকি সমাজমাধ্যমে ‘ব্লক’ করে রেখেছে তাঁর পুরনো দল! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার David Warner।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হায়দরাবাদের অফিসিয়াল অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট পোস্ট করেন ওয়ার্নার। সেখানে দেখা যায়, অ্যাকাউন্টটি তাঁর কাছে ‘প্রাইভেট’ হিসেবে দেখাচ্ছে। সাধারণত কোনও ব্যবহারকারীকে ব্লক করলে এমনটাই দেখা যায়। সেই ছবির সঙ্গে ওয়ার্নার প্রশ্ন করেন, “এটাই কি সত্যিই হায়দরাবাদের অফিসিয়াল প্রোফাইল?”
সমর্থকেরা দ্রুত বুঝে যান, ওয়ার্নারের সঙ্গে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এক ভক্ত হায়দরাবাদকে অনুরোধ করেন তাঁকে ‘আনব্লক’ করতে। জবাবে ওয়ার্নারের আক্ষেপ, “ওরা আমাকে কোনও দিন আনব্লক করবে না।”
২০১৪ সালে হায়দরাবাদে যোগ দেওয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন ওয়ার্নার। ২০১৫ সালে অধিনায়ক হন এবং ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয় দল। সেই মরসুমে ফাইনালে Royal Challengers Bengaluru-কে হারিয়ে ইতিহাস গড়েছিল হায়দরাবাদ।
শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও তিনি ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। হায়দরাবাদের হয়ে ৯৫ ম্যাচে ৪০১৪ রান করেছেন ওয়ার্নার। তিন বার কমলা টুপি জিতেছেন। রয়েছে দু’টি শতরান এবং ৪০টি অর্ধশতরান।
তবে ২০২১ সাল থেকেই সম্পর্কের অবনতি শুরু। মাঝ মরসুমে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রথম একাদশ থেকেও বাদ পড়েন। ২০২২ সালের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় হায়দরাবাদ।
২০২৪ সালের পর থেকে আর আইপিএলে দল পাননি ওয়ার্নার। বর্তমানে তিনি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। কিন্তু তাঁর সাম্প্রতিক মন্তব্য বুঝিয়ে দিল, পুরনো দলের প্রতি আবেগ এখনও রয়েছে। আর সেই কারণেই হয়তো হায়দরাবাদের এই আচরণ তাঁর কাছে আরও বেশি কষ্টের।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা