টিভির সামনে বসে দেখা বিশ্বকাপেই এ বার গোল!!
চার বছর আগে তিনি ছিলেন শুধুই এক স্কুলপড়ুয়া। বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় দেখেছিলেন বিশ্বকাপ। আর সেই ছোট্ট লামিন ইয়ামালই চার বছর পর বিশ্বকাপের মঞ্চে স্পেনের জয়ের নায়ক। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম একাদশে নেমেই গোল করে নিজের বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করে রাখলেন এই তরুণ তারকা।
কাতার বিশ্বকাপের সময় ইয়ামালের বয়স ছিল মাত্র ১৫ বছর। তখন তাঁর স্বপ্ন ছিল এক দিন দেশের হয়ে বিশ্বকাপে খেলা। সেই স্বপ্ন পূরণ হয়েছে ২০২৬ সালের বিশ্বকাপে। শুধু মাঠে নামাই নয়, নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে স্পেন ১-১ গোলে আটকে যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছিল দল। চোটের কারণে সেই ম্যাচে ইয়ামালকে শুরু থেকে খেলাননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। শেষ দিকে মাঠে নামলেও তখন আর ম্যাচের গতিপথ বদলানোর মতো সময় ছিল না।
সৌদি আরবের বিরুদ্ধে তাই আর ঝুঁকি নেননি স্পেনের কোচ। প্রথম একাদশেই জায়গা দেন ইয়ামালকে। কোচের আস্থার মর্যাদা রাখতে সময় নেননি তিনি। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই গোল করে স্পেনকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় স্পেন।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়ামাল বলেন, “আমি সব সময় স্বপ্ন দেখেছি বিশ্বকাপে খেলার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর প্রথম ম্যাচেই গোল করতে পেরেছি। এর থেকে ভাল মুহূর্ত আর কী হতে পারে!”
চার বছর আগের স্মৃতিও মনে পড়েছে ইয়ামালের। তিনি বলেন, “গত বিশ্বকাপ বাড়িতে বসে দেখেছিলাম। তখন আমি স্কুলে পড়তাম। আর এ বার আমার পরিবার গ্যালারিতে বসে আমার খেলা দেখেছে। চার বছরে কত কিছু বদলে গিয়েছে।”
বিশ্বকাপে গোল করে ইয়ামাল আরও একটি নজির গড়েছেন। কিংবদন্তি পেলের পর তিনিই দ্বিতীয় কিশোর ফুটবলার, যিনি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। এত অল্প বয়সেই ক্লাব ফুটবল থেকে জাতীয় দল— সব জায়গাতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি।
গত ইউরো কাপেও স্পেনের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ইয়ামাল। এ বার তাঁর লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে আরও বড় কিছু করা। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে স্পেন যে ছন্দে ফিরেছে, তাতে আত্মবিশ্বাসী এই তরুণ।
ইয়ামাল বলেন, “প্রথম ম্যাচে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। ফুটবলে এমন হয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে আসল স্পেনকে দেখা গিয়েছে। এখন আমাদের থামার ইচ্ছে নেই।”
চার বছর আগে যে ছেলেটি টিভির সামনে বসে বিশ্বকাপ দেখেছিল, আজ সেই ছেলেটির পায়েই স্পেনের বিশ্বকাপ অভিযানের নতুন গল্প লেখা শুরু হয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?