নুসরত-যশের সম্পর্কে কি ফিরল পুরনো উষ্ণতা?
কয়েক মাস আগেও ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যেত অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। অনেকে দাবি করেছিলেন, তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি আলাদা আলাদা থাকছেন বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্তু জন্মাষ্টমীর পুজোয় তাঁদের উপস্থিতি যেন ছবিটা নতুন করে আঁকলো।
সকালে থেকেই জন্মাষ্টমীর সাজে জমে উঠেছিল তাঁদের বাসভবন। থরে থরে সাজানো ফল, নানা রকম মিষ্টি, আর চারপাশে ফুলের গন্ধে মাখামাখি পরিবেশ। রাধা-কৃষ্ণের পূজায় ভক্তিভরে বসেছিলেন যশ। সাদা পাজামা-পাঞ্জাবি, গলায় ওড়না আর হাতে মিষ্টির থালা নিয়ে তিনি ঠাকুরের সামনে নিবেদিত মনে বসেছিলেন। একই স্থানে, ভিন্ন ফ্রেমে, ছাইরঙা শাড়িতে সেজে ছবি তুলছিলেন নুসরতও। একসঙ্গে ফ্রেমে ধরা না পড়লেও ছবিগুলো স্পষ্ট করে দিচ্ছিল—দুজনেই একই জায়গায় ছিলেন।
অভিনেত্রী-অভিনেতার এই সমান্তরাল উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে আলোচনার ঝড়। কিছুদিন আগে তাঁদের মধ্যে নাকি মনোমালিন্যের কারণে দূরত্ব বেড়েছিল। অনেকে বলেছিলেন, নুসরত ও যশের সম্পর্কের উষ্ণতা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। বিশেষত যশের সাম্প্রতিক ছবি ‘আড়ি’ মুক্তির পর থেকে নাকি তাঁদের সম্পর্কেও ‘আড়ি’ দেখা দিয়েছে।
কিন্তু স্বাধীনতা দিবসে প্রকাশ্যে আসা তাঁদের বিশেষ ভিডিও এবং জন্মাষ্টমীতে একই স্থানে কাটানো মুহূর্ত যেন সেই ধোঁয়াশাকে অনেকটাই পরিষ্কার করেছে। অনুরাগীরা এখনো অপেক্ষা করছেন তাঁদের একসঙ্গে ফ্রেমে দেখার জন্য।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল বেশ মিশ্র। কেউ লিখেছেন, “ভাল লাগছে দেখতে।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “আপনাদের ঝগড়া কি মিটে গিয়েছে?” আবার অনেকে কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, “কেন একসঙ্গে ছবি দিচ্ছেন না?” তবে নুসরত বা যশ—কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
যদিও তাঁদের নীরবতাই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, জন্মাষ্টমীর এমন ছবিগুলো দেখে অনেকেই স্বস্তি পেয়েছেন। অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে, যশ-নুসরতের সম্পর্কে ফাটল নয়, বরং ফিরছে পুরনো উষ্ণতা।
ফ্যানদের একাংশের মতে, দু’জনের মধ্যে যদি সত্যিই দূরত্ব তৈরি হতো, তবে একসঙ্গে পুজোর আয়োজন বা উপস্থিতির প্রশ্নই উঠত না। তাই জন্মাষ্টমীর দিন তাঁদের কাছাকাছি আসা হয়তো একটা স্পষ্ট বার্তাই বহন করছে—সব কিছু এখনও আগের মতোই রয়েছে।
অতএব, সময়ই বলে দেবে, এই জন্মাষ্টমীর ফ্রেমগুলো কি সত্যিই তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, নাকি কেবলই মিলেমিশে পুজো করার মুহূর্ত। তবে আপাতত নুসরত-যশ জুটিকে আবার একসঙ্গে দেখে খুশি তাঁদের অনুরাগীরা।