ঘুমের দেশে কুড়ি বছর: কোমায় থেকেও ৩৬ বসন্ত পার সৌদি ‘ঘুমন্ত রাজপুত্রের’ জীবনযুদ্ধ!

সৌদি 'ঘুমন্ত রাজপুত্রের' জীবনযুদ্ধ! এ যেন কোনো রূপকথা নয়, বাস্তবের বুকেই লেখা এক নিঃশব্দ অথচ হৃদয়স্পর্শী গল্প। সৌদি আরবের রাজপুত্র অল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল—পুরো দুনিয়া যাঁকে চেনে ‘স্লিপিং প্রিন্স’…

April 26, 2025
1 min read

সৌদি ‘ঘুমন্ত রাজপুত্রের’ জীবনযুদ্ধ!

এ যেন কোনো রূপকথা নয়, বাস্তবের বুকেই লেখা এক নিঃশব্দ অথচ হৃদয়স্পর্শী গল্প। সৌদি আরবের রাজপুত্র অল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল—পুরো দুনিয়া যাঁকে চেনে ‘স্লিপিং প্রিন্স’ নামে। ১৬ বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া সেই কিশোর এখন ৩৬ বছরে পা রেখেছেন। টানা ২০ বছর ধরে ঘুমের জগতে বাস করছেন তিনি, অথচ তাঁর নিঃশ্বাসের ধ্বনি এখনও পৃথিবীর বাস্তবতায় জানান দেয়, লড়াই শেষ হয়নি।

২০০৫ সালের এক সন্ধ্যায়, রিয়াধে ঘটে যাওয়া পথ দুর্ঘটনাই বদলে দেয় অল-ওয়ালিদের জীবন। লন্ডনের একটি সামরিক কলেজে পড়ার সময় ছুটিতে দেশে ফিরে সেই ভয়াল ঘটনার শিকার হন তিনি। মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হওয়ায় তখনই কোমায় চলে যান। চিকিৎসকেরা জানান, মস্তিষ্কের ক্ষত এতটাই গভীর যে তাঁর জ্ঞান ফিরে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

অল-ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য হলেও সিংহাসনের সরাসরি উত্তরাধিকারী নন। তাঁর দাদু ছিলেন সৌদির প্রতিষ্ঠাতা বাদশার সন্তান। অর্থাৎ রক্তে রাজ্যচালনার ঐতিহ্য থাকলেও, তাঁর গল্প একেবারে আলাদা—এটা এক নিরব অথচ অক্লান্ত সংগ্রামের কাহিনি।

২০১৬ সাল পর্যন্ত রিয়াধের একটি হাসপাতালে ১১ বছর শুশ্রূষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা এই রাজপুত্রের জন্য নিযুক্ত রয়েছে অন্তত ১০ জনের একটি চিকিৎসা-সহায়ক দল। রাজপরিবার বছরে কোটি কোটি টাকা খরচ করছেন এই একটিমাত্র আশায়—হয়তো একদিন অলৌকিক কিছু হবে।

২০১৯ সালে একবার সামান্য আশার আলো জ্বলেছিল। তাঁর আঙুল আর মাথা নড়েছিল। পরিবারের সদস্যেরা আনন্দে আপ্লুত হলেও, তারপর আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবুও বাবার বিশ্বাস অটুট। প্রিন্স খালেদ বলেন, “যতদিন ছেলের নিঃশ্বাস চলবে, ততদিন চলবে লড়াই। মৃত্যুর পরই কবর দিতে রাজি, তার আগে নয়।”

বছরখানেক আগেও গুজব উঠেছিল অল-ওয়ালিদের মৃত্যু হয়েছে। পরিবার সে দাবি জোর গলায় অস্বীকার করে। প্রতিবার জন্মদিনে সমাজমাধ্যমে ভাইরাল হয় ছোটবেলার কিছু ছবি, ছড়িয়ে পড়ে হাজারো মানুষের প্রার্থনা। কেউ কেউ বলেন, হয়তো ভবিষ্যতের কোনো ‘সোনার কাঠি’—এক অলৌকিক চিকিৎসা—তাঁকে ফিরিয়ে আনবে।

চিকিৎসকেরা আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু পরিবারের ভালবাসা, অপেক্ষা আর বিশ্ববাসীর প্রার্থনা যেন এখনও প্রাণ সঞ্চার করে রেখেছে ঘুমন্ত রাজপুত্রের নিথর শরীরে।
তাঁর নিঃশ্বাসের শব্দই যেন বলে—রূপকথা এখনও শেষ হয়নি…

পহেলগাঁও হামলা: বলিউডের তারকাদের ক্ষোভের মুখে কেন্দ্রীয় সরকারকে তীব্র বার্তা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *