গুরপ্রীতের ভুলে গোল, তবু দায় চাপালেন না খালিদ!
ব্রাজ়িলের বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া ভুল করেছিলেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সঁধু। সেই ভুলের খেসারত দিয়ে দু’টি গোলও হজম করতে হয় ভারতকে। বিরতির পর গুরপ্রীতকে তুলে নেন কোচ খালিদ জামিল। কিন্তু ম্যাচ শেষে গোলের জন্য একা গোলরক্ষককে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন ভারতীয় কোচ। তাঁর মতে, গোল খাওয়ার পিছনে দলের প্রত্যেকেরই কিছু না কিছু দায় ছিল।
ম্যাচের পর খালিদ বলেন, “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা গোলকিপার। দু’টি ম্যাচ দিয়ে ওকে বিচার করা উচিত নয়। পরের ম্যাচে ও ফিরে আসবে। গুরপ্রীতের একার জন্য গোল হয়নি। ডিফেন্ডারও কাছেই ছিল। ওদের মুভটাও ভাল ছিল। সকলেরই কিছু না কিছু দোষ রয়েছে।”
ব্রাজ়িলের মতো দলের বিরুদ্ধে খেলতে নামার চাপও স্বীকার করেছেন খালিদ। তবে তাঁর দাবি, সেই চাপ সামলে ভারত নিজেদের পরিকল্পনা অনুযায়ী লড়াই করেছে। তিনি বলেন, “দলের প্রত্যেকেই এই ম্যাচের গুরুত্ব জানত। যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেছে। আমরা সময় নষ্ট করিনি। ওদের সঙ্গে সমানে লড়ে গিয়েছি।”
ম্যাচের আগে খালিদকে জড়িয়ে ধরেছিলেন ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তি। ম্যাচ শেষেও ভারতীয় কোচের সঙ্গে কথা বলেন তিনি। আনচেলোত্তির বার্তা কী ছিল? খালিদ জানিয়েছেন, “ম্যাচের আগে চাপ তো ছিলই। প্রতিপক্ষের নাম ব্রাজ়িল। ম্যাচের পর আনচেলোত্তি বলেছেন, ‘তোমরা ভালই খেলেছো। এ ভাবেই খেলে যাও।’”
ভারতের লড়াইয়ের প্রশংসা করেছেন আনচেলোত্তিও। ৪-০ জিতলেও তাঁর মতে, ম্যাচটা ব্রাজ়িলের জন্য সহজ ছিল না। বিশেষ করে প্রথম গোলের আগে ভারত ভাল প্রতিরোধ গড়েছিল। ব্রাজ়িল কোচ বলেন, “বেশ উত্তেজক একটা ম্যাচ হয়েছে। ভারত নিজেদের মতো করে ভালই খেলেছে। যেমন রক্ষণ করেছে, তেমনই প্রতি আক্রমণেও উঠে এসেছে। শেষের দিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে।”
আনচেলোত্তির সংযোজন, “আমাদের প্রথম গোল করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তবে গোলের পর খেলাটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”
কলকাতার যুবভারতীতে ব্রাজ়িল সমর্থকদের উপস্থিতিও নজর কেড়েছে। সেই সমর্থকদের উদ্দেশে আনচেলোত্তি বলেন, “আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করেছি। এখানে অনেক ব্রাজ়িল সমর্থক ছিলেন। আশা করি তাঁদের একটা ভাল রাত উপহার দিতে পেরেছি।”
তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন ব্রাজ়িল কোচ। তাঁর কথায়, “বেশ ভাল অভিজ্ঞতা হল এই ম্যাচ খেলে। আমরা বেশ কিছু ফুটবলারকে মিনিট খেলার সুযোগ দিয়েছি। ওদের দেখে নেওয়ারও সুযোগ হয়েছে। তরুণদের সুযোগ দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে ওরা আরও আত্মবিশ্বাস পায়।”
তবে তরুণদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন আনচেলোত্তি। তাঁর মতে, এই ম্যাচ কোনও পরীক্ষা ছিল না। বরং নিজেদের দক্ষতা তুলে ধরার মঞ্চ ছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচে সেই সুযোগ বেশ কয়েক জন তরুণ ফুটবলার কাজে লাগিয়েছেন বলেই মনে করছেন ব্রাজ়িল কোচ।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।