কামিন্সদের সিরিজ জয় নিশ্চিত!
টেস্ট বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি পিছনে ফেলে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে অস্ট্রেলিয়া, আর শুরুতেই দারুণ ছন্দে প্যাট কামিন্সের দল। ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের নামে করে নিল তারা। গ্রেনাডায় এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রমাণ করল, তারা এখনও টেস্ট ক্রিকেটের অন্যতম ধারাবাহিক শক্তি।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ২৪৩ রানে অলআউট করে স্বপ্ন দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭৭ রানের লক্ষ্য তাড়া করলেই সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ক্যারিবিয়ানদের সামনে। কিন্তু তাদের ইনিংস ভেঙে পড়ে মাত্র ১৪৩ রানেই। সব মিলিয়ে ১৩৩ রানে ম্যাচ হারতে হয় স্বাগতিক দলকে।
ভয়ংকর হেজলউড-স্টার্কদের তোপে ভাঙল ক্যারিবিয়ান ব্যাটিং
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের পঞ্চম বলেই শুরু হয়ে যায় বিপর্যয়। ওপেনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন জশ হেজলউড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মিচেল স্টার্ক, হেজলউড এবং বিউ ওয়েবস্টারের ত্রিমুখী আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার। ইনিংসের বাকি অংশটা দ্রুত গুটিয়ে দেন অফস্পিনার নেথান লায়ন। মাত্র ৩৪.৩ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
পিচ কঠিন ছিল, মানছেন কামিন্স
ম্যাচের পর পিচের আচরণ নিয়ে খোলাখুলি মত দেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। বলেন, “দুটো টেস্টেই আমাদের জেতার জন্য লড়াই করতে হয়েছে। আমি দলের জন্য গর্বিত। নতুন বলে দুই দলই সমস্যায় পড়েছে। তবে ম্যাচের শেষ দিকে পিচ কঠিন হয়ে যাওয়ায় পরিকল্পনা কার্যকর করা সহজ হয়েছিল। আমরা ঠিক জায়গায় বল করে ফল পেয়েছি।”
কামব্যাকের বার্তা অস্ট্রেলিয়ার
এই জয়ের মধ্য দিয়ে শুধু সিরিজই নয়, টেস্ট বিশ্বকাপে ফের নিজেদের প্রতিযোগিতায় শীর্ষে নিয়ে আসার বার্তাও দিয়ে দিল অজিরা। প্যাট কামিন্স, স্টার্ক, লায়নের মতো অভিজ্ঞরা আবারও দেখিয়ে দিলেন— কঠিন পরিস্থিতিতে কীভাবে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নিতে হয়। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সই অস্ট্রেলিয়ার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠছে।
এই মুহূর্তে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে ক্লিন সুইপের লক্ষ্যে নামবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন শুধু সম্মান বাঁচানোর লড়াই।
বিকৃত ছবি ও ‘দাদা সংস্কৃতি’ নিয়ে সরব তৃণমূল-কন্যা রাজন্যা হালদার